Published : 28 Jun 2026, 02:04 PM
ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর প্রবল সমালোচনার শিকার হয় ক্রোয়েশিয়া। পানামার বিপক্ষে কোনোমতে জয়ের পর সেটা পায় ভিন্ন মাত্রা। গুরুত্বপূর্ণ ম্যাচে ঘানাকে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়ে সমালোচকদের একহাত নিলেন জ্লাতকো দালিচ। ক্রোয়াটদের কোচের মতে, আরও ভালো ব্যবহার প্রাপ্য লুকা মদ্রিচ, ইভান পেরিসিচদের।
পা হড়কালেই বিপদ, ছিটকে পড়তে হবে টুর্নামেন্ট থেকে; ভীষণ চাপের ম্যাচটিতে আত্মবিশ্বাসী ফুটবল খেলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ক্রোয়েশিয়া। শেষ গ্রুপ ম্যাচটির পর দালিচ বললেন, চেনা রূপে ফিরে এসেছে ক্রোয়েশিয়া।
প্রথমার্ধে ক্রোয়েশিয়াকে এগিয়ে নেন পেতার সুচিচ। দ্বিতীয়ার্ধে দেরিক লুকাসেনের গোলে সমতায় ফেরায় ঘানা। নির্ধারিত সময়ের ৭ মিনিটে আগে ব্যবধান গড়ে দেন নিকোলা ভ্লাসিচ।
২০১৮ সালের রানার্স আপ ও গত আসরের সেমি-ফাইনালিস্ট ক্রোয়েশিয়া এবার গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় পড়ে যায় প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সের। উত্তর আমেরিকা আসর শুরু করে তারা ইংলিশদের বিপক্ষে ৪-২ গোলে হেরে। পরে পানামাকে ১-০ গোলে হারায় তারা।
ছন্দ হারিয়ে ফেলে ক্রোয়েশিয়াকে নিয়ে বাড়তে শুরু করে সমালোচনা। চারপাশের চাপ সামলে বাংলাদেশ সময় রোববার ভোরে শেষ হওয়া ম্যাচটিতে দারুণ জয়ে শেষ পর্যন্ত সব কিছুর জবাব দিতে পারে ক্রোয়াটরা।
ম্যাচ শেষ দলের সবাইকে অভিনন্দন জানান দালিচ। উচ্ছ্বসিত প্রশংসা করেন পারফরম্যান্সের।
“নকআউট পর্বে জায়গা করে নেওয়ার জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানাতে চাই। এটা খুবই কঠিন একটি ম্যাচ ছিল। তবে আমার মনে হয়, কৌশলগত দিক ক্রোয়েশিয়া দুর্দান্ত খেলেছে এবং মাঠে নিজেদের সংগঠিত রাখতে পেরেছে।”
“আমার মনে হয়, আমরা ঠিক আট বছর আগের সেই জায়গায় ফিরে এসেছি। তবে এটা কেবল প্রথম লক্ষ্য অর্জনের পথে একটি পদক্ষেপ, আর তা হলো নকআউট পর্বে ওঠা।”
২০১৭ সাল থেকে ক্রোয়েশিয়ার কোচের দায়িত্ব পালন করছেন দালিচ। এবারই সম্ভবত সবচেয়ে বেশি সমালোচনার শিকার হতে হয়েছে তার দলকে। আসরের প্রথম দুই ম্যাচের পর তার দলের মান নিয়ে প্রশ্ন তোলা হয়। যা একদমই ভালো লাগেনি ৫৯ বছর বয়সী কোচের।
“এই জাতীয় দলের আরও ভালো কিছু প্রাপ্য, কারণ অসংখ্য সমর্থক ক্রোয়েশিয়াকে মনেপ্রাণে সমর্থন দিচ্ছে। হারুক বা জিতুক, এই দলকে ভালোবাসা উচিত। কারণ তারা দেশের মানুষ ও দেশের জন্য অনেক কিছু করেছে। সেটির মূল্যায়ন করা প্রয়োজন, হারলেই তাদের বিরুদ্ধে চলে যাওয়া উচিত নয়।”
শেষ বত্রিশের লড়াইয়ে আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোরে পর্তুগালের মুখোমুখি ক্রোয়েশিয়া।