Published : 27 Jun 2026, 09:26 PM
মায়ের মৃত্যুর শোক সামলে বিশ্বকাপ দলে যোগ দিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশোঁ। তার যুক্তরাষ্ট্রে ফেরার কথা নিশ্চিত করেছে ফরাসি ফুটবল ফেডারেশন-এফএফএফ।
মায়ের শেষকৃত্যে অংশ নিতে দিন দুয়েক আগে দেশে ফিরে যান দেশোঁ। শুক্রবার তার মাকে শেষ বিদায় জানানো হয়। পরদিনই বিশ্বকাপ শিবিরে যোগ দিলেন তিনি।
ছোট্ট একটি বার্তায় শনিবার এফএফএফ জানায়, “দিদিয়ে আমাদের সঙ্গে আছে।”
নরওয়ের বিপক্ষে শুক্রবার ৪-১ গোলে জেতা ম্যাচে ফ্রান্সের ডাগআউটে ছিলেন না দেশোঁ। তার অনুপস্থিতিতে ম্যাচটিতে দলকে নির্দেশনা দেন সহকারী কোচ স্তেফোঁ। দাপুটে জয়ের পর তিনি বলেন, মা হারানো কোচের জন্য কিছু করতে চেয়েছিলেন তারা সবাই।
২০১৮ সালের দেশোঁর কোচিংয়ে দ্বিতীয় বিশ্বকাপ জেতে ফ্রান্স। গত আসরেও ফরাসিরা ফাইনাল খেলে, যেখানে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে হৃদয় ভাঙে তাদের।
বিশ্বকাপ জয়ী কোচ তো বটেই, বিশ্বকাপ জয়ী ফুটবলারও দেশোঁ। ১৯৯৮ সালে ঘরের মাঠে ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ২০০০ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার আগে ফ্রান্সের হয়ে ১০৩টি ম্যাচ খেলেছিলেন দেশোঁ, যা তখনকার সময়ের রেকর্ড।
‘আই’ গ্রুপের সেরা দল হয়ে এবারের বিশ্বকাপের পরের ধাপে জায়গা করে নিয়েছে ফ্রান্স। আগামী মঙ্গলবার শেষ বত্রিশের লড়াইয়ে নিউ জার্সিতে মাঠে নামবে তারা। প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি তাদের।