Published : 07 Nov 2022, 05:16 PM
চোখের পাশে চোট পাওয়ায় সন হিউং-মিনের কাতার বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অধিনায়ককে হারানোর শঙ্কায় আছে দক্ষিণ কোরিয়া। তবে তার দেশ ও তার সমর্থকদের এবার আশার বানী শোনালেন এই ফরোয়ার্ডের ক্লাব টটেনহ্যাম হটস্পারের কোচ আন্তোনিও কন্তে।
এই ইতালিয়ান কোচের বিশ্বাস, বৈশ্বিক আসরের আগেই সেরে উঠবেন হিউং-মিন।
চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার মার্সেইয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন হিউং-মিন। ২৩তম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে বাঁ চোখের পাশে চোট পাওয়ায় তাকে তুলে নেন কোচ ৷
টটেনহ্যামের পক্ষ থেকে এরপর জানানো হয়, চোট সারিয়ে তুলতে হিউং-মিনের অস্ত্রোপচারের প্রয়োজন। শুক্রবার করা হয়েছে অস্ত্রোপচার।
প্রিমিয়ার লিগে রোববার লিভারপুলের বিপক্ষে ম্যাচের পর সাংবাদিকরা এই প্রসঙ্গে জানতে চাইলে কন্তে বলেন, ৩০ বছর বয়সী এই ফুটবলারকে বিশ্বকাপে দেখার ব্যাপারে তিনি আশাবাদী।
“অস্ত্রোপচারের পর গতকাল আমি তাকে একটি বার্তা পাঠিয়েছি এবং সনি (সন হিউং-মিন) এই পরিস্থিতির জন্য সে খুব, খুব হতাশ। তবে আমি আশা করি, সে খুব ভালোভাবে সেরে উঠবে এবং বিশ্বকাপে খেলবে।”
“আমি আত্মবিশ্বাসী, আত্মবিশ্বাসী যে সে দ্রুত ফিরে আসবে এবং দক্ষিণ কোরিয়ার হয়ে বিশ্বকাপ খেলতে পারবে।”
কোরিয়ার হয়ে ১০৪ ম্যাচে ৩৫ গোল করেছেন হিউং-মিন।
বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে থাকা দক্ষিণ কোরিয়ার প্রথম ম্যাচ আগামী ২২ নভেম্বর, উরুগুয়ের বিপক্ষে।
এই গ্রুপের অন্য দুই দল পর্তুগাল ও ঘানা।