‘ঘনিষ্ঠ বন্ধু’ গিনদোয়ানকে সিটিতেই দেখতে চান গুয়ার্দিওলা
অভিজ্ঞ এই মিডফিল্ডার চুক্তি নবায়নে রাজি হবে বলে আশাবাদী ম্যানচেস্টার সিটি কোচ।
ম্যানচেস্টার সিটিতে প্রায় একই সময়ে যোগ দিয়েছেন দুজন। পাশাপাশি প্রতিবেশী হওয়ার সুবাদে খেলোয়াড় ইলকাই গিনদোয়ান ও কোচ পেপ গুয়ার্দিওলার মাঝে গড়ে উঠেছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে জার্মান মিডফিল্ডার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোয় ক্লাবটিতে তার ভবিষ্যৎ নিয়ে জেগেছে অনিশ্চয়তা। গুয়ার্দিওলা অবশ্য আশাবাদী, নতুন চুক্তি করে থেকে যাবেন জার্মান মিডফিল্ডার।
দারুণ ছন্দে থাকা এই ফুটবলার শনিবার এফএ কাপের ফাইনালে করেছেন জোড়া গোল। ম্যাচটি সিটি ২-১ গোলে জিতে পূর্ণ করেছে ডাবল। চলতি মাসেই সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে গিনদোয়ানের। গুঞ্জন রয়েছে, আগামী ১০ জুন ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি হতে পারে সিটির জার্সিতে গিনদোয়ানের শেষ।
তার বার্সেলোনায় যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও শোনা যাচ্ছে নানা খবর।
গুয়ার্দিওলা অবশ্য গিনদোয়ানকে খুব করে ধরে রাখতে চান। ২০১৬ সালে সিটির কোচ হওয়ার পরই এই জার্মানকে দলে টানেন তিনি। এখন তারা থাকছেন একই অ্যাপার্টমেন্ট ব্লকে। মাঠে ও মাঠের বাইরে তাই তাদের মধ্যে রয়েছে ভালো সম্পর্ক।
এফএ কাপের ফাইনালের পর স্কাই ব্লুজের সঙ্গে আলাপচারিতায় গিনদোয়ানের প্রসঙ্গে গুয়ার্দিওলা বলেন, চুক্তি নবায়নে সব পক্ষ সম্মতিতে আসবে বলে তার বিশ্বাস।
“আমি কী চাই, সেটা সে জানে। (সিটির ফুটবল পরিচালক) চিকি বেগিরিস্তাইন বিষয়টি নিয়ে কাজ করছেন। আশা করি, তিনি সফল হবেন। আমরা প্রতিবেশী (গুয়ার্দিওলা ও গিনদোয়ান)। আমরা অনেক বছর ধরে একই ফ্লোরে থাকি, সে আমার ঘনিষ্ঠ বন্ধু।”
“সে (গিনদোয়ান) অসাধারণ খেলে। অ্যাস্টন ভিলার বিপক্ষে তার গোলের কথা আমি ভুলিনি। আশা করি, আমরা শেষটা ভালোভাবে করতে পারব।”
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে অ্যাস্টন ভিলার ম্যাচে এক পর্যায়ে দুই গোলে পিছিয়ে পড়েছিল সিটি। ওই ম্যাচ হারলে লিগ শিরোপা জেতা হতো না গুয়ার্দিওলার দলের। তবে পাঁচ মিনিটের মধ্যে গিনদোয়ানের জোড়া এবং রদ্রির একটি গোলে ৩-২ ব্যবধানে ম্যাচটি জিতে চ্যাম্পিয়ন হয় সিটি।
