Published : 22 Oct 2023, 12:34 AM
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নিল চেলসি। বলের দখল রেখে আর্সেনালকে তেমন কিছু করার সুযোগই দিচ্ছিল না তারা। হঠাৎ করেই মারাত্মক ভুল করে বসলেন চেলসি গোলরক্ষক। সেটা কাজে লাগিয়ে ব্যবধান কমাল মিকেল আর্তেতার দল। পরে সমতাও ফিরিয়ে ফেলল আর্সেনাল। শেষদিকে লড়াই হলো তুমুল, কিন্তু ব্যবধান গড়ে দেওয়া গোলের সন্ধান পেল না কোনো দলই।
স্ট্যামফোর্ড ব্রিজে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ শেষ হয়েছে ২-২ সমতায়।
সফল স্পট কিকে শুরুতেই চেলসিকে এগিয়ে নেন কোল পামার। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান মিখাইলো মুড্রিক। দূরপাল্লার শটে ডেকলান রাইস ব্যবধান কমানোর পর আর্সেনালকে সমতায় ফেরান লেয়ান্দ্রো ট্রোসার্ড।
ঘরের মাঠে দ্বিতীয় মিনিটেই প্রথম ভালো সুযোগ পায় চেলসি। এনসো ফের্নান্দেসের বাঁকানো শট বেরিয়ে যায় ক্রসবারের উপর দিয়ে।
আক্রমণাত্মক ফুটবলে আর্সেনালকে চাপে রাখা স্বাগতিকরা এগিয়ে যায় চতুর্দশ মিনিটে।
রাহিম স্টার্লিংয়ের ক্রস মুড্রিকের মাথা ছুঁয়ে লাগে লাফিয়ে হেড করতে যাওয়া উইলিয়াম সালিবার হাতে। ভিএআর মনিটরে রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজার রেফারি। যে সিদ্ধান্ত নিয়ে বিতর্কের অবকাশ আছে যথেষ্টই। স্পট কিকে কোনো ভুল করেননি পামার।
প্রিমিয়ার লিগে ৩৩৫ মিনিট পর প্রতিপক্ষের মাঠে গোল হজম করল আর্সেনাল।
পিছিয়ে পড়ার পর ধীরে ধীরে চেলসিকে চেপে ধরার চেষ্টা করে আর্তেতার দল। কিন্তু গতিময় খেলোয়াড়দের উপস্থিতিতে প্রতি-আক্রমণে মাঝেমাঝেই ভীতি ছড়ায় মাওরিসিও পচেত্তিনোর চেলসি।
২৯তম মিনিটে পামারের শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। ৪৪তম মিনিটে চেলসির ফরাসি ডিফেন্ডার মালু গুস্তো একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারেননি।
প্রথমার্ধে সেভাবে চেলসির রক্ষণের পরীক্ষা নিতে না পারা আর্সেনাল বিরতির পরপর আরও পিছিয়ে যায়। ৪৮তম মিনিটে ক্রসের মতো করেছিলেন মুড্রিক, সেটিই সফরকারীদের হতাশায় ডুবিয়ে জড়ায় জালে!
৫৭তম মিনিটে অনায়াসে স্কোর লাইন হয়ে যেতে পারত ৩-০। নিজেদের ডি-বক্সে পামারকে বল দিয়ে বসেছিলেন আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া। তবে কোনোমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ব্রেন্টফোর্ড থেকে ধারে আসা এই স্প্যানিশ গোলরক্ষক।
মুড্রিকের জায়গায় ৬৬তম মিনিটে মাঠে নেমে পরের মিনিটেই গোল পেয়ে যেতে পারতেন নিকোলাস জ্যাকসন। রাহিম স্টার্লিংয়ের কাছ থেকে বল পেয়ে শেষ বাধা রায়াকে পেরিয়ে যেতে পারেননি তিনি। ঝাঁপিয়ে তাকে ব্যর্থ করে দেন আর্সেনাল গোলরক্ষক।
৭৭তম মিনিটে চেলসি গোলরক্ষকের উপহার কাজে লাগিয়ে ব্যবধান কমান রাইস। বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষের পায়ে বল পাঠিয়ে দেন রবের্ত সানচেস! নিখুঁত শটে জাল খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার!
এতক্ষণ বিবর্ণ ফুটবল খেলা আর্সেনাল যেন জেগে ওঠে। ৮৪তম মিনিটে বুকায়ো সাকার দারুণ ক্রসে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ট্রোসার্ড।
দুই মিনিট পর এগিয়েও যেতে পারত আর্সেনাল। এডি এনকেটিয়ার শট বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। বাকি সময়েও আক্রমণ-প্রতি আক্রমণে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ায় দুই দল। কিন্তু গোলের সন্ধান পায়নি কেউই।
জয় না পাওয়ায় শীর্ষে ফেরা হলো না আর্সেনালের। তবে ২১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এলো দলটি। সমান পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে এগিয়ে থেকে শীর্ষে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।
১২ পয়েন্ট নিয়ে আপাতত ৯ নম্বরে আছে চেলসি।