১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লিডসের কোচ মার্শ বরখাস্ত

এক বছরের কম সময়ে শেষ হয়ে গেল জেসি মার্শের লিডস ইউনাইটেড অধ্যায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2023, 12:15 AM

Updated : 07 Feb 2023, 12:15 AM

দলের টানা বাজে পারফরম্যান্সে চাকরি হারালেন জেসি মার্শ। কোচের পদ থেকে তাকে বরখাস্ত করল লিডস ইউনাইটেড।

৪৯ বছর বয়সী মার্শের সঙ্গে চুক্তি বাতিলের কথা সোমবার বিবৃতি দিয়ে জানায় প্রিমিয়ার লিগের দলটি।

লিগে সবশেষ সাত ম্যাচে জয়ের দেখা পায়নি লিডস। গত রোববার নটিংহ্যাম ফরেস্টের মাঠে তারা হারে ১-০ গোলে।

পয়েন্ট টেবিলে লিডস আছে ১৭ নম্বরে। স্রেফ গোল পার্থক্যে রেলিগশন অঞ্চলের ওপরে আছে তারা। লিগে সবশেষ তারা জয়ের দেখা পেয়েছে গত ৫ নভেম্বর।  

গত বছরের ফেব্রুয়ারির শেষ দিকে লিডসের কোচ হিসেবে মার্সেলো বিয়েলসার স্থলাভিষিক্ত হন মার্শ। দলটি গত মৌসুমে লিগ শেষ করেছিল ১৭ নম্বরে থেকে।

চলতি প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত ২০ ম্যাচে তারা জিতেছে কেবল ৪টি, ড্র করেছে ৬টি, হেরেছে ১০টি।

লিগে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে লিডস। রোববার ঘরের মাঠে আবার ম্যানচেস্টারের দলটির বিপক্ষে খেলবে তারা।