২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সাফে যে সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ

‘বি’ গ্রুপ থেকে সেরা চারে খেলার সম্ভাবনা আছে চার দলের সামনেই।

বেঙ্গালুরু থেকে ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2023, 11:55 AM

Updated : 28 Jun 2023, 06:10 PM

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বুধবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভুটান। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। একই দিন ৪টায় ‍খেলবে লেবানন ও মালদ্বীপ; এ ম্যাচেই পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশের করণীয়।

৬ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে লেবানন। গোল পার্থক্যেও এগিয়ে তারা। সমান ৩ করে পয়েন্ট হলেও গোল পার্থক্যে মালদ্বীপের চেয়ে এগিয়ে বাংলাদেশ। টেবিলে তলানিতে থাকা ভুটান পয়েন্টের খাতা খুলতে পারেনি এখনও। তবে সেরা চারে যাওয়ার সুযোগ আছে চার দলের সামনেই।

লেবানন

# মালদ্বীপের বিপক্ষে পয়েন্ট পেলেই কোনো হিসেব ছাড়াই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে যাবে লেবানন। হেরে গেলেও তাদের সুযোগ থাকবে সেরা চারে খেলার, সেক্ষেত্রে বাংলাদেশ-ভুটান ম্যাচ ড্র হতে হবে কিংবা ভুটানের জিততে হবে।

#লেবানন মালদ্বীপের কাছে হারলে এবং ভুটানের বিপক্ষে বাংলাদেশ জিতলে, সেক্ষেত্রে তিন দলের পয়েন্ট হবে সমান ৬ করে। তখন হবে এই তিন দলের মধ‍্যে হওয়া ম‍্যাচে গোল পার্থক্যের হিসাব। এ মুহূর্তে তিন দলের ফল মিলিয়ে গোল পার্থক্যে এগিয়ে লেবানন +২। বাংলাদেশের গোল পার্থক‍্য ০ ও মালদ্বীপের -২।

১ গোলের পার্থক‍্যে হারলে পরের ধাপে যাবে লেবানন। তারা ২ গোলের ব‍্যবধানে হারলে দেখা হবে তিন দলের ম‍্যাচে গোল সংখ‍্যা। সেটিও সমান হলে দেখা হবে গ্রুপ পর্বে সব ম‍্যাচ মিলিয়ে দলগুলোর গোল পার্থক‍্য।

বাংলাদেশ:

#লেবাননের বিপক্ষে মালদ্বীপ হারলে ভুটানের বিপক্ষে ড্র করলেই বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে উঠবে সেরা চারে।

# এই গ্রুপের ‍দুটি ম্যাচ ড্র হলে বাংলাদেশ ও মালদ্বীপের পয়েন্ট হবে সমান ৪ করে। হেড টু হেডে মালদ্বীপে বিপক্ষে জয় থাকায় পরের ধাপে যাবে বাংলাদেশ।

# লেবানন মালদ্বীপের কাছে হারলে এবং ভুটানের বিপক্ষে বাংলাদেশ জিতলে, সেক্ষেত্রে তিন দলের পয়েন্ট হবে সমান ৬ করে। তখন হবে এই তিন দলের মধ্যে গোল পার্থক্যের হিসাব। তিন দলের গোল পার্থক্য বর্তমানে লেবানন +২, বাংলাদেশ ০ এবং মালদ্বীপ -১।

# লেবাননের কাছে মালদ্বীপ এবং ভুটানের বিপক্ষে বাংলাদেশ হারলে তখন মালদ্বীপ, বাংলাদেশ ও ভুটান-এই তিন দলের পয়েন্ট হবে সমান ৩ করে। তখন প্রথমে হবে এই তিন দলের গোল পার্থক্যের  হিসাব, সেখানে তিন দলের বর্তমান অবস্থান বাংলাদেশ +২, মালদ্বীপ ০ এবং ভুটান -২।

মালদ্বীপ:

# ভুটানের বিপক্ষে বাংলাদেশ হারলে বা ড্র করলে আর লেবাননের বিপক্ষে মালদ্বীপ জিতলে ৬ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠবে তারা।

# লেবাননের বিপক্ষে মালদ্বীপ এবং ভুটানের বিপক্ষে বাংলাদেশ জিতলে, সেক্ষেত্রে তিন দলের পয়েন্ট হবে সমান ৬ করে। তখন হবে এই তিন দলের মধ্যে গোল পার্থক্যের হিসাব। তিন দলের গোল পার্থক্য বর্তমানে লেবানন +২, বাংলাদেশ ০ এবং মালদ্বীপ -১। সেক্ষেত্রে মালদ্বীপকে কমপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জিততে হবে।

# লেবাননের কাছে মালদ্বীপ এবং ভুটানের বিপক্ষে বাংলাদেশ হারলে তখন মালদ্বীপ, বাংলাদেশ ও ভুটান-এই তিন দলের পয়েন্ট হবে সমান ৩ করে। তখন হবে প্রথমে হবে এই তিন দলের গোল পার্থক্যের  হিসাব, সেখানে এই তিন দলের বর্তমান অবস্থান বাংলাদেশ +২, মালদ্বীপ ০ এবং ভুটান -২।

ভুটান:

# সেমি-ফাইনালে উঠতে হলে বাংলাদেশের বিপক্ষে ভুটানকে জিততেই হবে, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে লেবানন-মালদ্বীপ ম্যাচের দিকে। ওই ম্যাচে লেবাননের কাছে মালদ্বীপ হারলে তিন দলের পয়েন্ট হবে সমান ৩ করে। তখন বাংলাদেশ, মালদ্বীপ ও ভুটান-এই তিন দলের মধ‍্যে হওয়া ম‍্যাচগুলোর গোল পার্থক্য দেখা হবে।

এই তিন দলের বর্তমান গোল পার্থক্যের হিসাব বাংলাদেশ +২, মালদ্বীপ ০ এবং ভুটান -২। অর্থাৎ ন্যুনতম ব্যবধানের জয় যথেষ্ট নয় ভুটানের জন্য।