Published : 29 Jul 2022, 08:00 PM
ছিল রুটিন চেক আপ। সেটি করতে গিয়ে ধরা পড়ল উচ্চ রক্তচাপ। এ কারণে বাংলাদেশের বক্সার সুর কৃষ্ণ চাকমাকে রিংয়ে ওঠার অনুমতি দেননি ডাক্তাররা। ফলে বার্মিংহাম কমনওলেথ গেমসে অংশ নেওয়া হলো না সুর কৃষ্ণর।
ইংল্যান্ডের বার্মিংহামে শুক্রবার রিংয়ে ওঠার কথা ছিল সুর কৃষ্ণর। গত মে মাসে বাংলাদেশে হওয়া প্রথম পেশাদার বক্সিং টুর্নামেন্টে লাইটওয়েট শ্রেণিতে সেরা হয়েছিলেন তিনি।
বার্মিংহামে সুর কৃষ্ণর অংশ নেওয়ার কথা ছিল লাইট ওয়েল্টারওয়েটের ৬০-৬৩.৫ কেজি ওজন শ্রেণিতে।
দলের সঙ্গে থাকা চিকিৎসক ডা. শফিকুর রহমানের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়েছে দুঃসংবাদটি।
“আসলে এটা ওর দুর্ভাগ্য। ইভেন্টের দিন সকালে রুটিন মেডিকেল চেক-আপে ওর উচ্চ রক্তচাপ ধরা পড়ে। এরপর ১৫-২০ মিনিট বিশ্রাম দিয়ে ফের পরীক্ষা করলেও প্রেসার বেশি আসে বলে ওকে খেলতে অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। পরে ওকে পলি ক্লিনিকে নিয়ে আসলে সেখানকার চিকিৎসকরাও পরীক্ষা করে খানিকটা বেশি পান।”
“এর এক ঘন্টা পর থেকেই ওর প্রেসার কমতে শুরু করে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। তবে গেমসের নিয়ম অনুযায়ী, একটি নির্দিষ্ট সময়ের আগে মেডিকেল টেস্টে উত্তীর্ণ হতে হয়। সেটা তিনি করতে পারেননি।”
কৃষ্ণর কণ্ঠেও হতাশার সুর। পরে প্রেসার নিয়ন্ত্রণে এলেও রিংয়ে ওঠার অনুমতি না পাওয়ায় আরও বেশি হতাশ তিনি।
“ঘুম থেকে উঠে নাস্তা করে মেডিকেল টেস্ট যখন দেই, তখন কোনো সমস্যা হয়নি আমার। অথচ প্রেসার মেপে ডাক্তাররা বেশি পায়। দ্বিতীয়বারের পরীক্ষায়ও বেশি আসলে আমাকে খেলার অনুমতি দেয়নি। অথচ কিছুক্ষণ পরেই আমার প্রেসার স্বাভাবিক হয়ে যায়। এখন ভাঙা মন নিয়ে আমার ইভেন্টের খেলা দেখছি। এটা দুর্ভাগ্য না তো কী?”
“কোনো নার্ভাসনেস কাজ করেনি আমার মধ্যে। গতরাতে ভালো ঘুম না হওয়ার কারণেই হয়তো এমনটা হয়েছে।”