২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

এফএ কাপ থেকে বিদায়ের পর চাপে ল্যাম্পার্ড

এভারটন কোচের উপলব্ধি, নিজের ভবিষ্যৎ এখন আর তার নিয়ন্ত্রণে নেই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2023, 04:36 PM

Updated : 07 Jan 2023, 04:36 PM

ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা ভালো কাটছে না এভারটনের। এবার বিদায় নিতে হলো এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে। দলের টানা ব্যর্থতায় চাপ যে ক্রমেই বাড়ছে, তা ভালোভাবেই টের পাচ্ছেন কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। সাবেক ইংলিশ মিডফিল্ডারও বুঝতে পারছেন নিজের ভবিষ্যৎ এখন আর তার নিয়ন্ত্রণে নেই। 

লিগে মৌসুমের শুরু থেকেই ধুঁকছে এভারটন। গত মঙ্গলবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ৪-১ গোলে হারা দলটি আছে অবনমন অঞ্চলে। ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১৮ নম্বরে। 

সবশেষ গত শুক্রবার এফএ কাপের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-১ গোলে হারে এভারটন। এতে আরও নড়বড়ে হয়ে যায় ক্লাবটিতে ল্যাম্পার্ডের অবস্থান। ম্যাচের পর আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাম্পার্ড বলেন, ভবিষ্যৎ নয়, তার ভাবনা কেবল দলের উন্নতি নিয়ে। 

“এটি আমার নিয়ন্ত্রণে নেই। এটি নিয়ে ভাবা আমার পক্ষে সম্ভব নয়। আমি আজ রাতে যা দেখেছি তা পর্যালোচনা করা আমার কাজ। এটি এমন একটি পারফরম্যান্স; এমন মনোভাব ও মনোযোগ যা প্রতিটি কোচ তার দলের কাছে দেখতে চায়।” 

“এখন আমাদের মনোযোগ সাউথ্যাম্পটন ম্যাচের দিকে (এভারটনের পরবর্তী লিগ ম্যাচ)। আমি আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই না, আমি শুধু খেলোয়াড়দের নিয়ে কথা বলতে চাই এবং তারা কতটা ভালো খেলেছে তা নিয়ে।” 

২০২১-২২ মৌসুমে চেলসির কোচ হিসেবে বরখাস্ত হওয়ার পর গত জানুয়ারিতে এভারটনের দায়িত্ব পান ল্যাম্পার্ড।