১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

১০ জনের বেতিসকে উড়িয়ে শিরোপার আরও কাছে বার্সা

রিয়াল মাদ্রিদের চেয়ে ফের ১১ পয়েন্টে এগিয়ে গেছে শাভি এর্নান্দেসের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2023, 03:04 AM

Updated : 30 Apr 2023, 03:18 AM

সবশেষ ৫ ম্যাচে কেবল দুটি জয়। বার্সেলোনার পারফরম্যান্স নিয়ে একটু একটু করে প্রশ্ন উঠতে শুরু করেছিল। ১০ জনের রিয়াল বেতিসকে উড়িয়ে তা থামানোর পাশাপাশি লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে আরও এগিয়ে গেল শাভি এর্নান্দেসের দল। 

কাম্প নউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। রবের্ত লেভানদোভস্কি, রাফিনিয়া ও আন্দ্রেয়াস ক্রিস্তেনসেন করেন একটি করে গোল। অন্যটি আত্মঘাতী।

লা লিগার ইতিহাসে কেবল তৃতীয় খেলোয়াড় হিসেবে বদলি নামার পর প্রথমার্ধেই দুটি হলুদ কার্ড দেখেন এদগার গনসালেস। এক জন কমে যাওয়ার পর এলোমেলো হয়ে পড়া বেতিস আর ম‍্যাচে ফিরতে পারেনি।

আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে শুরু থেকে বেতিসকে চেপে ধরে বার্সেলোনা। ডান দিক থেকে দারুণ সব ক্রসে ভীতি ছড়ান রাফিনিয়া। ব্রাজিলিয়ান এই উইঙ্গারের চমৎকার এক ক্রসেই চতুর্দশ মিনিট এগিয়ে যায় স্বাগতিকরা। ছুটে গিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন অরক্ষিত আন্দ্রেয়াস ক্রিস্তেনসেন।

বার্সেলোনার হয়ে ডেনিশ এই ডিফেন্ডারের এটাই প্রথম গোল।

পিছিয়ে পড়ার পর যেন জেগে ওঠে বেতিস। রক্ষণ ছেড়ে বেরিয়ে মনোযোগ দেয় আক্রমণে। সহজাত আক্রমণাত্মক ফুটবলেই জবাব দেয় বার্সেলোনা। দারুণ জমে ওঠে ম্যাচ।

৩৩তম মিনিটে বড় এক ধাক্কা খায় বেতিস। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গনসালেস। ইতালিয়ান ডিফেন্ডার লুইস ফেলিপে চোট পেলে দ্বাদশ মিনিটে বদলি নেমেছিলেন তিনি।

১০ জনের দলে পরিণত হওয়ার পর নিজেদের গুছিয়ে নেওয়ার আগেই আরও পিছিয়ে পড়ে সফরকারীরা। জুলস কুন্দের চমৎকার ক্রসে অনায়াসে জাল খুঁজে নেন লেভানদোভস্কি। 

চলতি আসরে এটি তার ১৯তম গোল। পোলিশ এই স্ট্রাইকারই আছেন গোলদাতাদের শীর্ষে।

৩৯তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন রাফিনিয়া। মাঝমাঠ থেকে বল বাড়ান সের্হিও বুসকেতস, ছুটে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান উইঙ্গার। এগিয়ে এসে ঠেকানোর চেষ্টা করেছিলেন গোলরক্ষক, কিন্তু বলের নাগাল পাননি। শুরুতে অফসাইডের বাঁশি বাজান রেফারি। পরে ভিএআরের সাহায্য নিয়ে বদলান সিদ্ধান্ত।

যোগ করা সময়ে বুসকেতসের বাড়ানো বল ডি-বক্সে পেয়েছিলেন রাফিনিয়া। কিন্তু বল রিসিভ করতে গিয়ে তালগোল পাকিয়ে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব‍্যবধান বাড়ানোর সুযোগ পান লেভানদোভস্কি। তবে পোলিশ স্ট্রাইকার অনেক উপর দিয়ে মেরে দলকে হতাশ করেন। ৫১তম মিনিটে লক্ষ‍্যে প্রথম শট রাখতে পারে বেতিস। অনায়াসেই ফেরান সতর্ক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

৫৭তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন লেভানদোভস্কি। তার শট ফেরে পোস্ট লেগে। একটুর জন‍্য ফিরতি বলের নাগাল পাননি রাফিনিয়া। ৬৯তম মিনিটে দূরের পোস্টে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি রোনাল্দ আরাউহো।

৭২তম মিনিটে রাফিনিয়ার বুলেট গতির শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। এরপরই তাকে ও পেদ্রিকে তুলে নেন বার্সেলোনা কোচ। ফঁক কেসিয়ের সঙ্গে মাঠে নামেন চোটের জন‍্য লম্বা সময় বাইরে থাকা উসমান দেম্বেলে।

হাঁটুতে চোট পাওয়ায় কাম্প নউয়ে নিজের সবশেষ ম‍্যাচে বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি হুয়াকিন। ৬৪তম বদলি নেমে ৮১তম মিনিটে মাঠ ছাড়েন তিনি। আগেই সব বদলি ব‍্যবহার করে ফেলায় বাকি সময়টায় ৯ জন নিয়েই খেলে বেতিস। চলতি মৌসুম শেষে অবসর নিতে যাওয়া বেতিস কিংবদন্তি মাঠ ছাড়ার সময় দাঁড়িয়ে সম্মান দেখান সবাই।

৮২তম মিনিটে স্কোর লাইন ৪-০ করে ফেলে বার্সেলোনা। আনসু ফাতির বুলেট গতির শট গিদো রদ্রিগেসের পায়ে লেগে দিক পাল্টে জড়ায় জালে। কিছুই করার ছিল না গোলরক্ষকের।

দুই মিনিট পর রেকর্ড গড়ে মাঠে নামেন ১৫ বছর বয়সী লামিন ইয়ামাল। বার্সেলোনার হয়ে সবচেয়ে কম বয়সে খেলার কীর্তি গড়ার সঙ্গে জালের দেখাও পেয়ে যাচ্ছিলেন তিনি। ৮৫তম মিনিটে তার শট দারুণ দক্ষতায় ফেরান বেতিস গোলরক্ষক। তিন মিনিট পর দেম্বেলেকেও হতাশ করেন তিনি। 

৩২ ম‍্যাচে ২৬ জয় ও চার ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। দিনের অন‍্য ম‍্যাচে আলমেরিয়াকে ৪-২ গোলে হারানো রিয়াল মাদ্রিদ ৬৮ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

৪৯ নিয়ে ছয় নম্বরে আছে বেতিস।