২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরল লেস্টার সিটি

২০১৫-১৬ মৌসুমে রূপকথার গল্প লিগে শিরোপা জয় করা দলটি আবার ফিরে এলো ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2024, 12:52 PM

Updated : 19 Sep 2026, 02:23 PM

সাউথ্যাম্পটনকে আগের ম্যাচে ৫-০ গোলে উড়িয়ে নিজেদের কাজ এগিয়ে রেখেছিল লেস্টার সিটি। এবার অন্য ম্যাচের ফলাফল পক্ষে আসায় কাঙ্ক্ষিত সেই সুখবরটি পেয়ে গেল তারা। ২০১৫-১৬ মৌসুম রূপকথার গল্প লিখে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়া দলটি আবার ফিরে এলো ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে।

ইএফএল চ্যাম্পিয়নশিপের ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে শুক্রবার লিডস ইউনাইটেডের ৪-০ গোলের জয়ে নিশ্চিত হয়ে যায় লেস্টার সিটির প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন।

চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুটি দল সরাসরি উঠে যায় প্রিমিয়ারে। লেস্টার সিটিরও এখন শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত। ৪৪ ম্যাচ ৯৪ পয়েন্ট তাদের। গত মৌসুমে প্রিমিয়ার থেকে নেমে যাওয়ার ক্লাবটির শীর্ষ পর্যায়ে ফিরতে লাগল এক মৌসুমই।

কুইন্স পার্ক রেঞ্জার্সের কাছে বিধ্বস্ত হয়ে বড় চোট লাগল লিডস ইউনাইটেডের সম্ভাবনায়। এখনও পর্যন্ত তারা পয়েন্ট তালিকার দুইয়ে আছে ৪৫ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে। তবে ম্যাচ বাকি আছে তাদের স্রেফ একটি। ৮৯ পয়েন্ট নিয়ে তিনে আছে ইপ্সউইচ টাউন। তবে তাদের ম্যাচ বাকি এখনও তিনটি। শীর্ষ দুইয়ে থাকার সম্ভাবনায় তাই তারাই এগিয়ে।

তিন নম্বরে থাকলেও অবশ্য প্রিমিয়ারে ওঠার সুযোগ আছে। চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দল সরাসরি প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে। পয়েন্ট তালিকার তিন নম্বর থেকে ছয় নম্বরে থাকা দলকে নিয়ে হয়ে থাকে একটি ‘প্লে অফ’ টুর্নামেন্ট। সেখান থেকে জয়ী দল উঠে যায় প্রিমিয়ারে।

পয়েন্ট তালিকার ১৬ নস্বরে থাকা কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে প্রত্যাশিত জয়টি পেলে শীর্ষ দুইয়ে থাকার পথে অনেকটাই এগিয়ে যেত লিডস ইউনাইটেড। কিন্তু ২২ মিনিটের মধ্যে দুটি গোল হজম করে বসে তারা। সেখান থেকে আর ঘুরে দাঁড়াবে কী, দ্বিতীয়ার্ধের শেষ ২০ মিনিটে তাদের জালে বল ঢোকে আরও দুবার।

লিডসের কোচ ড্যানিয়েল ফার্ক দলের খেলায় হতাশ। তবে সরাসরি প্রিমিয়ারে খেলার আশা তিনি এখনই ছাড়ছেন না।

“প্রথম ২০ মিনিটে আমরা যেমন খেলেছি, সেটির কোনো ব্যাখ্যা পাওয়া কঠিন। মৌলিক জায়গাগুলোতেই ঘাটতি ছিল আমাদের। মাঠে দৌড়ানো, লড়াই করা, সাহসী হওয়া, দল হিসেবে আঁটসাঁট থাকা, সবকিছুতেই ঘাটতি ছিল প্রথম ২০ মিনিটে।”

“কুইন্স পার্ক রেঞ্জার্সকে অভিনন্দন জয়ের জন্য, লেস্টারকে শুভেচ্ছা প্রিমিয়ারে ওঠার জন্য। আমাদের জন্য ব্যাপারটি আর নিজেদের হাতে নেই। তবে লড়াই এখনও শেষ হয়নি। ইপ্সউইচ যদি পরের দুই ম্যাচ জিততে না পারে, তাহলে শেষ দিনে আমাদের অনেক কিছুই বাকি থাকবে করার।”