বার্সার খেলোয়াড়দের ধাওয়ার ঘটনায় শাস্তি পেল এস্পানিওল
আগামী মৌসুমে ঘরের মাঠে নিজেদের প্রথম দুই ম্যাচে এস্পানিওলকে খেলতে হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
লা লিগায় বার্সেলোনার বিপক্ষে মাঠে শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় শাস্তি পেয়েছে এস্পানিওল। সবশেষ মৌসুমে দুই দলের ম্যাচের পর মাঠে প্রবেশ করে শাভি এর্নান্দেসের দলকে তাড়া করে স্বাগতিক এস্পানিওলের সমর্থকরা। এজন্য আগামী মৌসুমে প্রথম দুই হোম ম্যাচে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না দর্শকরা।
গত মে মাসে ‘কাতালান ডার্বি’তে এস্পানিওলকে ৪-২ গোলে হারিয়ে লিগের শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। ম্যাচ শেষে মাঠে নিজেদের মতো করে শিরোপা জয় উদযাপন করছিলেন সফরকারী খেলোয়াড়রা। এক পর্যায়ে তাদের দিকে তেড়ে যান কিছু দর্শক।
এই শাস্তির বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে এস্পানিওল। ২০২২-২৩ মৌসুমে স্পেনের শীর্ষ লিগ থেকে অবনমন হয় তাদের। এই শাস্তি বহাল থাকলে, আগামী মৌসুমে দ্বিতীয় বিভাগে দলটির প্রথম দুটি হোম ম্যাচে কার্যকর হবে তা।
ম্যাচটিতে দুই দল খেলতে নেমেছিল ভিন্ন ভিন্ন লক্ষ্য নিয়ে। বার্সেলোনার চোখ ছিল ম্যাচটি জিতে আগেভাগেই লিগ চ্যাম্পিয়ন হওয়ার দিকে। আর এস্পানিওল খেলতে নেমেছিল অবনমন এড়াতে পয়েন্ট পাওয়ার জন্য। ম্যাচ জিতে লক্ষ্য পূরণ হয় বার্সেলোনার।
এস্পানিওলের সমর্থকদের ধাওয়ার মাঝপথেই শিরোপা উদযাপন থামিয়ে বার্সেলোনার খেলোয়াড়রা টানেলে ঢুকে যাওয়ায় ঘটেনি বড় কোনো দুর্ঘটনা।
