১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ভারত ম্যাচে শামসুন্নাহারকে পাওয়ার আশা বাংলাদেশের

অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক সুস্থ আছেন বলে জানিয়েছেন জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন।

ভারত ম্যাচে শামসুন্নাহারকে পাওয়ার আশা বাংলাদেশের

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র (বাঁয়ে)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2023, 03:13 PM

Updated : 04 Feb 2023, 03:13 PM

নেপাল ম্যাচে পাওয়া চোটের কারণে যেতে হয়েছিল হাসপাতালে। তবে শামসুন্নাহার জুনিয়রকে ঘিরে শঙ্কা আপাতত কেটে গেছে। চিকিৎসা শেষে শনিবার সতীর্থদের সঙ্গে অনুশীলনও সেরেছেন তিনি। তাতে ভারত ম্যাচ সামনে রেখে দলের মধ্যে স্বস্তিও ফিরেছে। অধিনায়ককে আসছে গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়ার আশা করছে বাংলাদেশ।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগের এ ম্যাচ জিতলে ফাইনাল খেলার পথে অনেকটাই এগিয়ে যাবে গোলাম রব্বানী ছোটনের দল।

শনিবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করা ম্যাচেই ধাক্কাটি খেয়েছিল বাংলাদেশ। প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের কড়া ট্যাকলে পড়ে যান শামসুন্নাহার। নেপালের ওই ডিফেন্ডারের হাঁটু লাগে তার চোয়ালে। পড়ে গিয়ে মাথায়ও ব্যথা পান অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে কোচ গোলাম রব্বানী ছোটন জানিয়েছিলেন, মাঠে কিছুক্ষণের জন্য ‘স্মৃতিভ্রষ্ট’ হয়ে গিয়েছিলেন শামসুন্নাহার। কিছুক্ষণের মধ্যেই অবশ্য স্বাভাবিক হয়ে যান তিনি।

তবে শামসুন্নাহারের চোট নিয়ে পরিষ্কার ধারণা পেতে রাতেই তাকে নেওয়া হয় কাকরাইলের একটি হাসপাতালে। সেখানে গুরুত্বর কিছু ধরা পড়েনি বলে জানান ছোটন।

“শামসুন্নাহার আজ অনুশীলনে যা যা করার, সেগুলো করেছে। আল্লাহর রহমতে ভালো আছে সে, কোনো সমস্যা নেই। যেহেতু ডাক্তার ওকে বিশ্রামের পরামর্শ দেননি, তাই মাঠে এসেছে। তা ছাড়া আমাদের ফিজিও সব সময় ওকে পর্যবেক্ষণে রেখেছে। ভারত ম্যাচে ওর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব।”

শামসুন্নাহার চোয়ালে ব্যথা থাকলেও সুস্থ থাকার কথা জানিয়েছেন। জাতীয় দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু অবশ্য এই ফরোয়ার্ডকে ভারত ম্যাচে পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী।

“রাতে ওর পরীক্ষা করা হয়েছিল, গুরুতর কিছু ধরা পড়েনি। স্যালাইন দেওয়ার পর থেকে ও ভালো বোধ করতে থাকে। আজ অনুশীলন করেছি। ভারতের বিপক্ষে ওর খেলার তেমন কোনো সমস্যা দেখছি না। তারপরও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আরও অপেক্ষা করব।”