Published : 22 Jun 2023, 03:40 PM
দক্ষিণ কোরিয়ার কোচ হিসেবে শুরুটা মোটেও ভালো হয়নি ইয়ুর্গেন ক্লিন্সমানের। নতুন দলের হয়ে এখনও কোনো জয়ের দেখা পাননি জার্মান এই কোচ। তবে নিজের ও দলের ওপর আস্থা হারাচ্ছেন না তিনি।
গত ফ্রেব্রুয়ারিতে পাওলো বেন্তোর জায়গায় কোচ হয়ে আসেন ক্লিন্সমান। তার কোচিংয়ে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে কোনো জয়ের স্বাদ পায়নি দক্ষিণ কোরিয়া।
মার্চে কলম্বিয়ার বিপক্ষে ২-২ ড্র করার পর উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারে তারা। গত শুক্রবার পেরুর কাছে তাদের হার ১-০ গোলে। সবশেষ মঙ্গলবার এল সালভাদরের সঙ্গে ১-১ ড্র করে দলটি।
কাতারে বেন্তোর কোচিংয়ে শেষ ষোলোতে খেলে দক্ষিণ কোরিয়া। ব্রাজিলের কাছে ৪-১ গোলে হেরে শেষ হয়ে যায় তাদের ২০২২ বিশ্বকাপ অভিযান। এরপর থেকে জয় যেন মুখ ফিরিয়ে নিয়েছে। নতুন কোচের সময়েও ঘুরে দাঁড়াতে পারেনি তারা এখনও।
জয়ের দেখা না পেলেও দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ক্লিন্সমান। বৃহস্পতিবার সিউলে সংবাদ সম্মেলনে বললেন, জয়ীর বেশে মাঠ ছাড়ার জন্য নিজেদের প্রস্তুত করছেন তারা।
“আশা করি, যতদ্রুত সম্ভব সবকিছু ঠিক করতে পারব। কারণ আমরা বিশ্বাস করি, চারটি ম্যাচই আমাদের জেতা উচিত ছিল। একটি বা দুটি ম্যাচে নয়, চারটি ম্যাচেই আমরা ভালো দল ছিলাম এবং চমৎকার ফুটবল খেলেছি। বিশেষ করে কলম্বিয়ার বিপক্ষে প্রথমার্ধে, উরুগুয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে এবং এরপর পেরু ও এল সালভাদরের বিপক্ষে।”
“পরিষ্কারভাবে আমরা ভালো দল ছিলাম, অনেক সুযোগ তৈরি করেছি। কিন্তু সেগুলো গোলে পরিণত করতে পারিনি। পরবর্তীতে সুযোগগুলোকে কাজে লাগাতে হবে এবং সেটা নিয়ে আমরা কাজ করছি।”