১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগে নাপোলি, শঙ্কায় ইউভেন্তুস

ঘরের মাঠে ১০ জনের ফিওরেন্তিনার বিপক্ষে অপ্রত্যাশিত হারে সেরি আয় পয়েন্ট তালিকায় তিন থেকে ছয়ে নেমে গেছে ইউভেন্তুস।

চ্যাম্পিয়ন্স লিগে নাপোলি, শঙ্কায় ইউভেন্তুস
গোলের পর নাপোলির খেলোয়াড়দের উল্লাস। ছবি: নাপোলি ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2026, 10:46 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

সেরি আয় পয়েন্ট তালিকার তলানির দল পিসাকে অনায়াসে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করেছে নাপোলি। ঘরের মাঠে ১০ জনের ফিওরেন্তিনার বিপক্ষে অপ্রত্যাশিত হারে তিন থেকে ছয়ে নেমে গেছে ইউভেন্তুস।

এই মাসের শুরুতে লিগের শিরোপা জিতে নেয় ইন্টার মিলান। ৩৭ ম্যাচে তাদের ৮৬ পয়েন্ট। 

কোমোর সঙ্গে ড্র ও বোলোনিয়ার বিপক্ষে হারের কারণে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন বিলম্বিত হয় নাপোলির। রোববার পিসাকে ২-০ গোলে হারিয়ে লক্ষ্য অর্জন করে গতবারের লিগ জয়ীরা। ৩৭ ম্যাচে তাদের পয়েন্ট ৭৩। 

জেনোয়ার মাঠে ২-১ গোলে জিতে ৭০ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে এসি মিলান। লাৎসিওর বিপক্ষে ২-০ গোলের জয়ে মিলানের সমান পয়েন্ট নিয়ে চারে আছে রোমা, কারণ মিলানের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে তারা পিছিয়ে আছে।

পার্মাকে ১-০ গোলে হারানো কোমো ৬৮ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। ফিওরেন্তিনার বিপক্ষে ২-০ গোলে হারা ইউভেন্তুসেরও ৬৮ পয়েন্ট। গত ফেব্রুয়ারির পর লিগে তাদের প্রথম হার এটি।

সেরি আ থেকে চ্যাম্পিয়ন্স লিগের চারটি স্থানের মধ্যে দুটির জন্য লড়াই হবে আগামী রোববার শেষ রাউন্ডে। এই লড়াইয়ে আছে এখন এসি মিলান, রোমা, কোমো ও ইউভেন্তুস।

সাত নম্বরে থাকা আতালান্তার সঙ্গে ইউভেন্তুসের ব্যবধান ১০ পয়েন্টের। ওই চার দলের তাই অন্তত ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা ইউরোপা লিগে খেলা নিশ্চিত।

শেষ দিনে মিলান ঘরের মাঠে খেলবে কাইয়ারির বিপক্ষে। তোরিনোর মাঠে খেলতে যাবে ইউভেন্তুস। রোমা খেলবে ভেরোনার বিপক্ষে, আর কোমোর প্রতিপক্ষ ক্রেমোনেস।