১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ড দলে কেইনের উত্তরসূরি খুঁজে পেয়েছেন রুনি

আর্সেনাল মিডফিল্ডারের মধ্যে অধিনায়ক হওয়ার মতো সব গুণ আছে বলেই বিশ্বাস ওয়েইন রুনির।

ইংল্যান্ড দলে কেইনের উত্তরসূরি খুঁজে পেয়েছেন রুনি
ওয়েইন রুনি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 05:32 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

আর্সেনালের শিরোপা স্বপ্নে ছুটে চলার পথে ম্যাচের পর ম্যাচ দারুণ পারফরম্যান্স উপহার দিচ্ছেন ডেক্লান রাইস। হয়ে উঠেছেন দলটির খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। রাইস যদি এভাবে উন্নতির ধারা ধরে রাখতে পারেন, তাহলে ভবিষ্যতে তার ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক হওয়ার সম্ভাবনা দেখছেন ওয়েইন রুনি।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে আর্সেনালের খেলা ১৭ ম্যাচের ১৬টিতেই শুরুর একাদশে খেলেছেন রাইস, অন্যটিতে বদলি হিসেবে। সব মিলিয়ে দলটির হয়ে এবার ২৪ ম্যাচ খেলে গোল করেছেন দুটি, করিয়েছেন চারটি।

তবে দলের সাফল্যে তার অবদান কেবল গোল বা অ্যাসিস্টের সংখ্যায় ফুটে উঠছে না। মাঝমাঠ থেকে আক্রমণের সুর বেঁধে দেওয়ায় তার গুরুত্ব অসামান্য।

আর্সেনালকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও আছে রাইসের। এছাড়া ৩২ বছর বয়সী হ্যারি কেইনের অনুপস্থিতিতে ইংল্যান্ড জাতীয় দলকেও দুবার নেতৃত্ব দিয়েছেন এই তারকা মিডফিল্ডার।

বিবিসি স্পোর্টের ‘দা ওয়েইন রুনি শো’- এ ক্লাবের হয়ে রাইসের পারফরম্যান্স তুলে ধরে তার ভবিষ্যৎ নিয়ে উজ্জ্বল সম্ভাবনার কথা বললেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক রুনি। 

ডেক্লান রাইস। ছবি: রয়টার্স

ডেক্লান রাইস

”আমার মনে হয়, হ্যারি (কেইন) কোনো একটা পর্যায়ে থেমে গেলে সে সম্ভবত অপেক্ষায় আছে।"

“(এভারটনের বিপক্ষে) মাঠের সবখানে তার বিচরণ ছিল। তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা…কখন পাস দিতে হবে, কোথায় পাস দিতে হবে, কাকে পাস দিতে হবে…এসব দেখা আনন্দের। পুরো ম্যাচে সে ছিল চমৎকার।”

২৬ বছর বয়সী রাইস কেবল মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়ায় কিংবা আক্রমণের সুর বেঁধে দেওয়াতেই নয়, প্রয়োজনের সময় রক্ষণেও সমানভাবে ভূমিকা রাখেন। দলের প্রতি এমন নিবেদন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার কারণেই তার মাঝে ইংল্যান্ডের ভবিষ্যৎ অধিনায়ক হওয়ার সব গুণাবলী দেখছেন রুনি।