১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এবার দুই গোল খেয়ে পাঁচ গোল দিল ইন্টার মিলান

কদিন আগে নাপোলির বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও দারুণ জয়ের পর এবার উদিনেজের বিপক্ষে আগে দুই গোল হজম করেও বড় জয় পেল ইন্টার মিলান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 11:55 AM

Updated : 17 Sep 2026, 03:00 AM

ম্যাচের বয়স তখন মোটে ১৬ মিনিট। ইন্টার মিলান ততক্ষণে দুই গোল হজম করে ফেলেছে। তবে ইদানিং তাদের আসল খেলা শুরু হয় তো গোটা দুই গোল খাওয়ার পরই। দিন দশেক আগে দুই গোলে পিছিয়ে পড়েও নাটকীয়ভাবে জিতেছিল তারা নাপোলির বিপক্ষে। এবার নাটকীয় জয় নয়, জোড়া ধাক্কায় জেগে ওঠার পর গোলের স্রোতই বইয়ে দিল ইতালিন চ্যাম্পিয়নরা।

সেরি আ-তে সোমবার উদিনেজেকে ৫-৩ গোলে হারায় ইন্টার মিলান।

ইন্টারের মাঠে ম্যাচের নবম ও ষোড়শ মিনিটে গোল করে উদিনেজে। ইন্টারের জবাব আসতেও সময় লাগেনি। ২৬তম মিনিটে গোল করেন কার্লোস আউগুস্তো, ৩৫তম মিনিটে নিকোলো বারেল্লা। 

প্রথমার্ধ ২-২ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে গোল করে তারা আরও তিনটি। ৫৭তম মিনিটে দলকে এগিয়ে নেন মার্কাস থুরাম। ১০ মিনিট পর ব্যবধান বাড়ান পিও এস্পোজিতো। ৭৯তম মিনিটে গোল করেন আ-জোয়ান বনি। 

৯০ মিনিট শেষে যোগ করা সময়ে একটি গোল ফিরিয়ে দেয় উদিনেজে। তবে ইন্টার জিতে যায় পরিষ্কার ব্যবধানেই।

গত ৫ সেপ্টেম্বর নাপোলির বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টার জিতেছিল ৩-২ গোলে। নির্ধারিত ৯০ মিনিট শেষেও ম্যাচে ছিল ২-২ সমতা। যোগ করা সময়ে গোল করে দলকে জিতিয়েছিলেন লাউতারো মার্তিনেস।

ওই ম্যাচের পর চ্যাম্পিয়ন্স লিগে রেয়াল মাদ্রিদের বিপক্ষে প্রবল চাপ তৈরি করেই শেষ পর্যন্ত তারা হেরে যায় ২-১ গোলে। তবে লিগে ফিরে শুরুর ধাক্কা সামলে ঠিকই আদায় করে নিল জয়। 

চার ম্যাচে চার জয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল ইন্টার। চার ম্যাচের চারটি জিতেছে রোমাও। তুরিনোর মাঠে সোমবার তারা জেতে ২-০ গোলে।

দিনের অন্য ম্যাচে পার্মাকে ২-১ গোলে হারায় কোমো। গত মৌসুমে চমক দেখিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া দলটি এবার চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে আপাতত আছে তিন নম্বরে।