১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গুঞ্জন সত্যি করে ম্যানচেস্টার সিটির দায়িত্বে মারেস্কা

পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে অবিশ্বাস্য সব সাফল্য পাওয়া দলকে সেই ধারাবাহিকতায় এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ এখন এই ইতালিয়ানের সামনে।

গুঞ্জন সত্যি করে ম্যানচেস্টার সিটির দায়িত্বে মারেস্কা
এন্টসো মারেস্কা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 08:12 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

গণমাধ্যমের খবর অনুযায়ী, সবকিছু একরকম পাকাপোক্তই ছিল। এবার চলে এলো আনুষ্ঠানিক ঘোষণাও- চেলসির সাবেক কোচ এন্টসো মারেস্কাকে দায়িত্ব দিয়েছে ম্যানচেস্টার সিটি।

এই ইতালিয়ান কোচকে তিন বছরের চুক্তিতে নিয়োগ দেওয়ার কথা সোমবার ক্লাবের ওয়েবসাইটে জানিয়েছে সিটি।

পেপ গুয়ার্দিওলার উত্তরসূরি হিসেবে সিটির ডাগআউটে যোগ দিচ্ছেন ৪৬ বছর বয়সী এই কোচ। 

সিটিকে গত এক দশকে অবিশ্বাস্য সব সাফল্য এনে দেওয়া এবং দলটিকে ইউরোপের পরাশক্তি করে তোলা গুয়ার্দিওলা ২০২৫-২৬ মৌসুমের শেষ দিকে হঠাৎ করেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। এর কয়েকদিন পর থেকেই, তার শূন্যস্থান পূরণে সিটি মারেস্কাকে বিবেচনা করছে বলে গণমাধ্যমে খবর আসতে থাকে।

প্রধান কোচ হিসেবে এখন পর্যন্ত একটি বড় ক্লাবে দায়িত্ব পালন করেছেন মারেস্কা, চেলসিতে। স্ট্যামফোর্ড ব্রিজে একমাত্র পূর্ণ মৌসুমে দলটিকে ২০২৫ সালে নতুন আঙ্গিকের ৩২ দলের ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা কনফারেন্সের শিরোপা জেতান মারেস্কা। 

সিটিতেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। ২০২২-২৩ মৌসুমে সিটির ট্রেবল জয়ের অভিযানে গুয়ার্দিওলার সহকারী ছিলেন মারেস্কা। এর আগে সিটির একাডেমিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

এবার গুরুর দেখানো পথে সিটিকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ মারেস্কার সামনে। কাজটা কঠিন হলেও বেশ আত্মবিশ্বাসী তিনি। চেনা আবহে ফিরতে পেরে খুব খুশিও।

“ম্যানচেস্টার সিটি এমন এক ক্লাব, যেটার সম্পর্কে আমি খুব ভালোভাবে জানি এবং এই দলকে কোচিং করানোর আমার জন্য চমৎকার এক সুযোগ।”

গত মৌসুমটা অবশ্য প্রত্যাশানুযায়ী কাটেনি সিটির। তবে, দ্বিতীয় ভাগে ঘুরে দাঁড়িয়ে তারা লিগ কাপ ও এফএ কাপ জয় করে এবং প্রিমিয়ার লিগে রানার্সআপ হয় দলটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলো থেকে ছিটকে পড়েছিল তারা।