Published : 04 Aug 2026, 05:14 PM
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের পর্দা এখনও ওঠেনি। তবে মাঠের লড়াই শুরুর আগেই রেকর্ডের পাতায় নাম তুলে ফেলেছে এই টুর্নামেন্ট। লিগের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি ক্লাব নতুন স্থায়ী কোচ নিয়ে মৌসুম শুরু করতে যাচ্ছে।
২০২৬-২৭ মৌসুমে প্রিমিয়ার লিগে মোট নয়টি ক্লাবে দেখা যাবে নতুন কোচ। লিগের উদ্বোধনী সপ্তাহে একসঙ্গে এতগুলো দলের ডাগআউটে নতুন কোচ থাকার ঘটনা এর আগে কখনও দেখা যায়নি।
এর আগে ২০১৬-১৭ মৌসুমের শুরুতে আটটি ক্লাবে নতুন কোচ দেখা যায়। আর নতুন কোচ নিয়ে ১৯৯৫-৯৬ মৌসুম শুরু করে সাতটি ক্লাব। ২০১২-১৩ মৌসুমের শুরুতে ছয়টি ক্লাবের ডাগআউটে ছিলেন নতুন কোচ।
এবার লিভারপুল থেকে শুরু করে ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল ইউনাইটেড থেকে চেলসি- প্রিমিয়ার লিগের প্রায় অর্ধেক ক্লাবেই লেগেছে কোচ পরিবর্তনের হাওয়া। এত বড় রদবদলে নতুন মৌসুম শুরুর আগেই আমূল বদলে গেছে লিগের কোচিং চিত্র।
আর্না স্লটকে বরখাস্ত করে আন্দোনি ইরাওলাকে নিয়োগ দিয়েছে লিভারপুল। স্প্যানিশ কোচ ইরাওলা গত মৌসুমে বোর্নমাউথের ডাগআউটে ছিলেন। আর পেপ গুয়ার্দিওলা দীর্ঘ এক দশকের সাফল্যমণ্ডিত অধ্যায়ের ইতি টেনে দেওয়ায় নতুন কোচ নিতে হয়েছে ম্যানচেস্টার সিটিকে। গত মৌসুমের মাঝপথে চেলসির দায়িত্ব ছাড়া এন্টসো মারেস্কাকে নিযুক্ত করেছে তারা।
আর চেলসি হাত বাড়িয়েছে বায়ার লেভারকুজেন ও রেয়াল মাদ্রিদের সাবেক কোচ শাবি আলোন্সোর দিকে। লিয়াম রোসেনিয়ারের স্থলাভিষিক্ত হয়েছেন এই স্প্যানিয়ার্ড। আর চুক্তির মেয়াদ শেষে লিভারপুলের দায়িত্ব নেওয়া ইরাওলার জায়গায় জার্মান কোচ মার্কো রোজকে নিয়োগ দিয়েছে বোর্নমাউথ।
পর্তুগিজ কোচ ভিতো পেরেইরাকে বিদায় করে অস্ট্রিয়ান অলিভার গ্লাসনারকে দায়িত্ব দিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। আর গ্লাসনারের জায়গায় ফরাসি কোচ পিয়েহ সাজকে নিয়োগ দিয়েছে ক্রিস্টাল প্যালেস।
মার্কো সিলভার চুক্তি শেষ হওয়ার পর নতুন কোচ হিসেবে রেয়াল মাদ্রিদের সাবেক কোচ আলভারো আরবেলোয়াকে চুক্তিভুক্ত করেছে ফুলহ্যাম। আর কিয়েরান ম্যাককেনার পদত্যাগের পর নতুন কোচ হিসেবে গ্যারি ও’নিলকে বেছে নিয়েছে ইপ্সউইচ টাউন।
নিউক্যাসল ইউনাইটেডের দায়িত্ব ছেড়ে দিয়েছেন এডি হাউ। জার্মান কোচ মাটিয়াস ইয়াইসলাকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার খুব কাছে আছে ক্লাবটি।
আর্সেনাল ও কোভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ২১ অগাস্ট প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হবে।