১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ড দলে ফিরলেন র‌্যাশফোর্ড, নেই অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন এলিয়ট অ্যান্ডারসন ও জেড স্পেন্স।

ইংল্যান্ড দলে ফিরলেন র‌্যাশফোর্ড, নেই অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড
ক্লাবে ঠিকানা পরিবর্তনের পর জাতীয় দলে জায়গা হারালেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2025, 06:07 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য ইংল্যান্ড দলে ফিরেছেন বার্সেলোনা ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ড। বাদ পড়েছেন রেয়াল মাদ্রিদ ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এলিয়ট অ্যান্ডারসন ও জেড স্পেন্স।

টসাস টুখেলের দেওয়া আগের দলগুলোতে ছিলেন ২৬ বছর বয়সী রাইট-ব্যাক অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। তবে অ্যান্ডোরা ও সার্বিয়ার বিপক্ষে দুই ম্যাচের জন্য দলে জায়গা হলো না তার। রেয়াল মাদ্রিদের সবশেষ ম্যাচে শুরুর একাদশে ছিলেন না তিনি। 

নটিংহ্যাম ফরেস্ট মিডফিল্ডার অ্যান্ডারসন ও টটেনহ্যাম হটস্পার ফুল-ব্যাক স্পেন্স ধারাবাহিকভাবে ভালো খেলার পুরস্কার হিসেবে এসেছেন দলে। ম্যানচেস্টার সিটি থেকে ধারে এভারটনে গিয়ে ভালো করলেও, জাতীয় দল ফিরতে উইঙ্গার জ্যাক গ্রিলিশের অপেক্ষা আরও বাড়ল। 

র্যাশফোর্ডের মতো দলে ফিরেছেন অ্যাডাম হোয়ার্টন, জর্ডান হেন্ডারসন ও মর্গ্যান গিবস-হোয়াইট। জায়গা হয়নি ডিফেন্ডার কাইল ওয়াকার ও স্ট্রাইকার ইভান টনির। 

চোটের জন্য রেয়াল মিডফিল্ডার জুড বেলিংহ্যামের ছাড়া আরও নেই বুকায়ো সাকা, কোল পালমার ও লেভি কলউইল। 

আগামী শনিবার ভিলা পার্কে অ্যান্ডোরার মুখোমুখি হবে ইংল্যান্ড। ২০০৫ সালের পর অ্যাস্টন ভিলার মাঠে এটাই তাদের প্রথম ম্যাচ। ৯ সেপ্টেম্বর বেলগ্রেডে সার্বিয়ার বিপক্ষে খেলবে টুখেলের দল। 

তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের চূড়ায় আছে ইংল্যান্ড।