২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সেভিয়া ছাড়ছেন রামোস

৩৮ বছর বয়সী তারকা যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে পাড়ি জমাতে পারেন বলে গুঞ্জন আছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2024, 07:23 PM

Updated : 26 Aug 2026, 09:48 AM

আগামী মৌসুমে সেভিয়ার জার্সিতে দেখা যাবে না সের্হিও রামোসকে। দ্বিতীয়বারের মতো শৈশবের ক্লাবটি ছেড়ে যাচ্ছেন ৩৮ বছর বয়সী সাবেক স্প্যানিশ ডিফেন্ডার।  

ফ্রি এজেন্ট হিসেবে রামোসের ক্লাব ছাড়ার কথা সোমবার জানায় সেভিয়া। মঙ্গলবার দলটির ঘরের মাঠে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিদায় বলবেন তিনি। 

গত মৌসুমে সেভিয়ার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচ খেলে সাত গোল করেন রামোস। সেভিয়া লা লিগা শেষ করে ১৪ নম্বরে থেকে। 

সেভিয়াতেই ক্যারিয়ার শুরু করেন রামোস। ২০০৪ সালে তাদের মূল দলের হয়ে অভিষেক হয় তার। ২ কোটি ৭০ লাখ ইউরোতে ২০০৫ সালে রেয়াল মাদ্রিদে পাড়ি জমান তিনি। 

মাদ্রিদের দলটির হয়ে জেতেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ, পাঁচটি লা লিগাসহ অনেক শিরোপা। ২০২১ সালের গ্রীষ্মে পিএসজিতে যোগ দেন তিনি। প্যারিসের দলটির হয়ে জেতেন দুটি লিগ শিরোপা। 

স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ ও দুটি ইউরো জয়ী এই তারকা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যেতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।