১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এজের ‘প্রথমে’ আর্সেনালের জয়, হেরে গেল ম্যানচেস্টার সিটি

তৃতীয় পরাজয়ের পর লিগ টেবিলে এক ধাপ নেমে গেছে পেপ গুয়ার্দিওলার দল।

এজের ‘প্রথমে’ আর্সেনালের জয়, হেরে গেল ম্যানচেস্টার সিটি
এবেরেচি এজের (মাঝে) গোলের পর আর্সেনালের খেলোয়াড়দের উল্লাস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2025, 10:42 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

আর্সেনালে যোগ দেওয়ার মাস দুয়েক পর গোলের দেখা পেলেন এবেরেচি এজে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ভোগান্তির ম্যাচে তার নৈপুণ্যে জয় পেল মিকেল আর্তেতার দল। 

একই সময়ে শুরু আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটি পেয়েছে তেতো স্বাদ। অ্যাস্টন ভিলার বিপক্ষে হেরে গেছে পেপ গুয়ার্দিওলার দল।

এমিরেটস স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে জিতেছে আর্সেনাল। আর ভিলার মাঠে একই ব্যবধানে হেরেছে সিটি।

দারুণ এই জয়ে লিগ টেবিলে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল। ৯ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ২২।

নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়ে দুইয়ে উঠেছে বোর্নমাউথ, তাদের পয়েন্ট ১৮। ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে সান্দারল্যান্ড। 

আর তৃতীয় হারের পর ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে সিটি।

আর্সেনালের টানা চতুর্থ জয়

যে জার্সি গায়ে নিজেকে চিনিয়েছেন এজে, হয়ে উঠেছেন শীর্ষ পর্যায়ের খেলোয়াড়, সেই প্যালেসের বিপক্ষে প্রথম ৪৫ মিনিট খুব একটা ভালো কাটেনি তার। তবে ৩৯তম মিনিটে মুহূর্তের চমকে আর্সেনালকে এগিয়ে দেন তিনিই।

সেট পিসে দিনে দিনে আরও ভয়ঙ্কর হয়ে ওঠা আর্সেনালের এই গোল ফ্রি কিকের ফলশ্রুতিতে। ডি-বক্সে প্যালেস বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে, আলগা বল পেয়ে জোরাল শটে আর্সেনালের জার্সিতে প্রথম লিগ গোল করেন এজে।

দ্বিতীয়ার্ধের প্রথম ২০ মিনিটে ভালো দুটি সুযোগ পায় আর্সেনাল। কিন্তু গাব্রিয়েল মাগালিয়াইসের পর ভিক্তর ইয়োকেরেসের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। 

পুরো ম্যাচে প্যালেস তেমন কিছুই করতে পারেনি। ফলে প্রত্যাশিত পারফরম্যান্স না করতে পারলে, সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সপ্তম জয় তুলে নিতে সমস্যা হয়নি আর্সেনাল।

টানা তিন জয়ের পর হারল সিটি

সাদামাটা প্রথমার্ধে দুই দল একটি করে শট লক্ষ্যে রাখতে পারে। সিটি পারেনি কাজে লাগাতে, সফল হয় ভিলা। ১৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোলটি করেন ম্যাটি ক্যাশ।

চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১২ ম্যাচে জালের দেখা পাওয়া হলান্ডকে এদিন ভুগতে দেখা যায়। ৭১তম মিনিটে বিবর্ণতা ঝেড়ে ফেলার সুবর্ণ সুযোগ পান তিনি; কিন্তু দারুণ পজিশন থেকে গোলরক্ষক বরাবর হেড করেন সিটির জার্সিতে এবার সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ গোল করা তারকা।

৮৯তম মিনিটে জালে বল পাঠিয়েছিলেন হলান্ড; কিন্তু ভিএআরে গোল মেলেনি। একটু আগেই এগিয়ে গিয়েছিলেন তার সতীর্থ মার্মাউশ।

ভিলার বিপক্ষে এই নিয়ে সবশেষ পাঁচ ম্যাচে তৃতীয় হারের তেতো স্বাদ নিয়ে বাড়ি ফিরল ম্যানচেস্টার সিটি।