১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বায়ার ‘নেভারলুজেন’কে ভয় পায় না আতালান্তা, গাসপেরিনির হুঁশিয়ারি

বায়ার লেভারকুজেনের অপরাজেয় যাত্রা থামিয়ে ইউরোপা লিগের শিরোপা জয়ে প্রত্যয়ী আতালান্তা কোচ জান পিয়েরো গাসপেরিনি।

বায়ার ‘নেভারলুজেন’কে ভয় পায় না আতালান্তা, গাসপেরিনির হুঁশিয়ারি
আতালান্তা কোচ জান পিয়েরো গাসপেরিনি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 03:40 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্তুসের বিপক্ষে হারের পর আতালান্তার আরেকটি শিরোপা লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। দীর্ঘ ছয় দশকের শিরোপা খরা কাটানোর আরেকটি সুযোগ তাদের সামনে। এবার ইউরোপা লিগের ফাইনালে ইতালিয়ান দলটির প্রতিপক্ষ বায়ার লেভারকুজেন, যারা চলতি মৌসুমে ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। বুন্ডেসলিগার শিরোপা জিতে নেওয়া দলটিকে মৌসুমে কেউই হারাতে পারেনি। তবে আতালান্তা কোচ জান পিয়েরো গাসপেরিনির স্পষ্ট উচ্চারণ, শাবি আলোন্সোর দলকে নিয়ে মোটেও ভীত নন তারা।

ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে আগামী বুধবার ডাবলিনে জার্মান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে আতালান্তা।

ক্লাব ইতিহাসে এখন পর্যন্ত একটিই বড় শিরোপা জিততে পেরেছে আতালান্তা। সেই ১৯৬২-৬৩ মৌসুমে ইতালিয়ান কাপের ফাইনালে তোরিনোকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছিল তারা। তারপর থেকে দশকের পর দশক কেটেছে, আরেকটি ট্রফির অপেক্ষা আর ফুরায়নি তাদের। 

গত ছয় মৌসুমে তিনবার ইতালিয়ান কাপের ফাইনালে উঠে প্রতিবারই রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় আতালান্তাকে। সবশেষ গত সপ্তাহে প্রতিযোগিতাটির ফাইনালে তাদের ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় ইউভেন্তুস।

আরেকটি শিরোপার লড়াইয়ে লেভারকুজেনের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে আতালান্তাকে। বুন্ডেসলিগার সুদীর্ঘ ইতিহাসে প্রথম দল হিসেবে গোটা আসরে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছে লেভারকুজেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা অপরাজিত আছে ইউরোপিয়ান রেকর্ড ৫১ ম্যাচ ধরে। ক্লাবটি সামাজিক মাধ্যমে তাদের নতুন নাম দিয়েছে, ‘বায়ার ০৪ নেভারলুজেন।’

লেভারকুজেনকে একটি ট্যাঙ্কের সঙ্গে তুলনা করেছেন গাসপেরিনি। তবে স্কাই স্পোর্ট ইতালিয়াকে শনিবার আতালান্তা কোচ বলেন, ভয়ডরহীন ফুটবলের মন্ত্রে ফাইনালে খেলতে নামবে তার দল।

“বুন্ডেসলিগায় তারা (লেভারকুজেন) আধিপত্য করেছে, তারা একটি ট্যাঙ্কের মতো, কিন্তু তাদের ভয় পাই না আমরা। নির্ভীক হয়ে এবং ভালো অবস্থায় থেকে আমরা খেলতে নামব।”

“আমি (লেভারকুজেনের অপরাজেয় থাকার) বিষয়টি ভাবি, সঙ্গে এটাও মনে করি যে, প্রতিটি দৌড়ই একটা সময় শেষ হয়।”

ইউভেন্তুসের কাছে ইতালিয়ান কাপের ফাইনালে হারের ধাক্কা সামলে শনিবার সেরি আয় লিসকে ২-০ গোলে হারায় আতালান্তা। এই জয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করে দলটি। গাসপেরিনির চোখে, এটি অসাধারণ অর্জন।

“চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন অসাধারণ ফলাফল। এই ছেলেরা সকল প্রত্যাশা ছাড়িয়ে যাচ্ছে। আমি এতে সত্যিই খুশি এবং বের্গামোর (ইতালির যে শহরটির দল আতালান্তা) প্রত্যেকের জন্য আমাদের এই সাফল্য উৎসর্গ করতে হবে।”