১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফিফা বর্ষসেরা: যাদের ভোট দিয়েছেন মেসি

সেরা নির্বাচনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও কোচের প্রথম পছন্দ ভিন্ন দুই জন।

ফিফা বর্ষসেরা: যাদের ভোট দিয়েছেন মেসি
লিওনেল মেসি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2025, 01:01 AM

Updated : 26 Aug 2026, 05:20 PM

নিজে ছিলেন না সেরার লড়াইয়ে, তবে জাতীয় দলের অধিনায়ক হিসেবে ভোট দিয়েছেন লিওনেল মেসি। ‘দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার’ নির্বাচনে আর্জেন্টিনা অধিনায়কের প্রথম পছন্দ ছিল তার সাবেক পিএসজি সতীর্থ উসমান দেম্বেলে, যিনি শেষ পর্যন্ত জিতেছেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি।

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার রাতে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে দেম্বেলের হাতে পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

ভোটে দ্বিতীয় হয়েছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল, তৃতীয় রেয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে। 

জাতীয় দলগুলোর অধিনায়ক, কোচ ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা যাদের ভোট দিয়েছেন, সেই তালিকা প্রকাশ করেছে ফিফা। 

আরেক সাবেক পিএসজি সতীর্থ এমবাপেকে দ্বিতীয় পছন্দ হিসেবে বেছে নিয়েছেন মেসি। সর্বোচ্চ তিনবার ‘দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার’ নির্বাচিত হওয়া মেসির তৃতীয় ভোট পেয়েছেন বার্সেলোনায় এখন তার আইকনিক ১০ নম্বর জার্সি পরা ইয়ামাল।

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া তার প্রথম ভোট দিয়েছেন পিএসজির মিডফিল্ডার ভিতিনিয়াকে। তার দ্বিতীয় ভোট পেয়েছেন দেম্বেলে, তৃতীয় ভোট ইয়ামাল।

বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন দেম্বেলেকে। এই স্প্যানিশ কোচের দ্বিতীয় ভোট পেয়েছেন ইয়ামাল, তৃতীয়টি ভিতিনিয়া।

প্রথম ভোটে পয়েন্ট ধরা হয় ৫, দ্বিতীয় ভোটে ৩ পয়েন্ট, তৃতীয়টিতে ১ পয়েন্ট।