১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাইতি ম্যাচের আগে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের স্মৃতি নাড়া দিচ্ছে গাব্রিয়েলকে

সতীর্থদের চ‍্যাম্পিয়ন্স লিগ জয় উদযাপনের অংশ না হয়ে সান্ত্বনা দিতে প্রতিপক্ষের গাব্রিয়েলের কাছে ছুটে এসেছিলেন পিএসজি অধিনায়ক মার্কিনিয়োস।

হাইতি ম্যাচের আগে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের স্মৃতি নাড়া দিচ্ছে গাব্রিয়েলকে
গাব্রিয়েল মাগালাইস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2026, 09:01 PM

Updated : 11 Sep 2026, 03:26 PM

বিশ্বকাপে নড়বড়ে শুরুর পর, হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে প্রস্তুত হচ্ছে ব্রাজিল। মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি, লক্ষ্য নিয়ে অনেক কথা বলেন গাব্রিয়েল মাগালাইস। এরই মাঝে এক সাংবাদিকের প্রশ্নে উঠে আসে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রসঙ্গ, যে স্মৃতিটা একদমই সুখকর নয় তার। তবে, ওই কষ্টের মাঝেই একটা মুহূর্ত তার মনকে নাড়া দিয়েছিল দারুণভাবে, সেই কথাই বলেন তিনি।

বিশ্বকাপ অভিযানে আসার আগে, গত ৩০ মে ক্লাব আর্সেনালের হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন গাব্রিয়েল, মৌসুমের সবচেয়ে বড় ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। নির্ধারিত সময় ১-১ ড্রয়ের পর, অতিরিক্ত সময়ও একই স্কোরলাইনে শেষ হয়। লড়াই গড়ায় টাইব্রকারে।

সেখানে নানা নাটকীয়তার পর, আর্সেনালের শেষ শট নিতে আসেন গাব্রিয়েল। লড়াই জিইয়ে রাখতে তাকে গোল করতেই হতো। কিন্তু ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন তিনি, হতাশায় ভেঙে পড়ে আর্সেনাল শিবির আর ৪-৩ ব্যবধানে জিতে উল্লাসে মেতে ওঠে পিএসজি।

ফরাসি ক্লাবটির শিবিরে তখন চলছে টানা দ্বিতীয়বার ইউরোপ সেরা হওয়ার বাঁধভাঙা উদযাপন। ওই দলের অধিনায়ক ছিলেন মার্কিনিয়োস, যিনি ব্রাজিলেরও দলনেতা। ক্লাব সতীর্থদের উদযাপনের অংশ না হয়ে তিনি সবার আগে ছুটে আসেন গাব্রিয়েলের কাছে, তাকে সান্ত্বনা দিতে।

গাব্রিয়েলকে মার্কিনিয়োসের জড়িয়ে ধরার সেই মুহূর্ত। ছবি: চ্যাম্পিয়ন্স লিগ ফেইসবুক

গাব্রিয়েলকে মার্কিনিয়োসের জড়িয়ে ধরার সেই মুহূর্ত

ওই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, প্রশংসিত হয় তাদের বন্ধুত্ব। সেই মুহূর্তের কথা স্মরণ করে গাব্রিয়েল বললেন, ওই সময়ে মার্কিনিয়োসের আলিঙ্গন ও কিছু অনুপ্রেরণাদায়ক কথা তার নিজেকে সামলাতে ভূমিকা রেখেছিল। 

“আমার জন্য সেটা ছিল কষ্টের মুহূর্ত। সেদিন প্রথমে সে উদযাপন করেনি, বরং আমাকে আলিঙ্গনে জড়িয়েছিল। আমি বলতে পারি, (ওই কঠিন মুহূর্তে) সে আমাকে শক্তি জুগিয়েছিল।”

“জাতীয় দলে তার সঙ্গে আমি দুই বা তিন বছর আছি এবং তার সঙ্গে কাটানো প্রতিটি সময়ে আমি নতুন কিছু শিখি। একজন খেলোয়াড় ও একজন মানুষ হিসেবে আমি তার বড় ভক্ত। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর তার প্রতি আমার ভালোলাগা আরও বেড়েছে।”

ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ছয়টায় হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। 

প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোয়, এই ম্যাচে জয়ের বিকল্প নেই সেলেসাওদের এবং গাব্রিয়েল সেটা করতে চান জাল অক্ষত রেখে। আর এই লক্ষ্য পূরণ করতে রক্ষণে গাব্রিয়েল-মার্কিনিয়োস জুটির বড় ভূমিকা রাখতে হবে।