১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাজিল দল ও কোচ আনচেলত্তির জন্য নিজেকে নিংড়ে দিতে চান এনরিকে

ভিনিসিউস ও রদ্রিগোরা স্কোয়াডে না থাকায় সামনের দুই ম্যাচেই এই ফরোয়ার্ডের খেলার দারুণ সম্ভাবনা আছে।

ব্রাজিল দল ও কোচ আনচেলত্তির জন্য নিজেকে নিংড়ে দিতে চান এনরিকে
লুইস এনরিকে। ছবি: সিবিএফ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2025, 06:22 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

জাতীয় দলে শুরুটা একেবারে খারাপ ছিল না লুইস এনরিকের। নিজেকে অবশ্য অপ্রয়োজনীয়ও করে তুলতে পারেননি তিনি। তবে হাল না ছেড়ে, কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ে নিজেকে আবার শীর্ষ পর্যায়ে তুলে আনতে পেরেছেন এই ফরোয়ার্ড। পেয়ে গেছেন জাতীয় দলে ফেরার টিকেটও। এবার সুযোগটাকে শতভাগ কাজে লাগাতে চান তিনি, দেশের স্বপ্ন পূরণে অবদান রাখতে চান সামর্থ্যের সবটুকু দিয়ে। 

২০২৪ সালের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে একুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় এনরিকের। দলের পরের পাঁচটি ম্যাচেই সুযোগ পান তিনি। ছয় ম্যাচ খেলে করেন দুটি গোল ও একটি অ্যাসিস্ট। কিন্তু এই বছরে ব্রাজিলের এখন পর্যন্ত খেলা চার ম্যাচের একটিতেও ডাক পাননি জেনিত সেন্ট পিটার্সবার্গের এই খেলোয়াড়।

অবশেষে এবার আনচেলত্তির নজর কাড়তে পেরেছেন এনরিকে। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের জন্য কোচের ২৬ সদস্যের দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। 

জাতীয় দলে ফিরতে পেরে খুশির শেষ নেই তার। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সিবিএফ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সেই কথাই বললেন তিনি।

“ব্রাজিল জাতীয় দলে ফিরতে পেরে আমি খুব খুশি। আবার নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা সম্মানের। এর আগে যখন এখানে ছিলাম, সৌভাগ্যবশত আমি খুব ভালো খেলেছিলাম, দারুণ কিছু পারফরম্যান্স করেছিলাম। তাই বিশ্বাস করি, ব্রাজিল দলে ও সমর্থকদের মনে ভালো স্মৃতি রেখে যেতে পেরেছিলাম।”

“নম্র থেকে এবং অনেক পরিশ্রম করে আবার ফিরতে পেরেছি। আশা করি, এই দুই ম্যাচে ব্রাজিল দলকে আবার সাহায্য করতে পারব।”

গত দুই বিশ্বকাপেই কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়া ব্রাজিল দলের গত কয়েক বছরের পারফরম্যান্স ছিল আরও হতাশাময়। পুরনো সেসব ব্যর্থতা মুছে, বিশ্বজুড়ে দারুণ সমাদৃত ও সফল কোচ আনচেলত্তির হাত ধরে নতুন করে স্বপ্ন দেখছে তারা। ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপে জায়গাও পাকা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আগামী বছরের জুন-জুলাইয়ের আগ পর্যন্ত এবার নিজেদের প্রস্তুত করে তোলার পালা। সেই লক্ষ্যে দল ও কোচকে সাহায্য করতে চান এনরিকে।

“(জাতীয়) দলে ডাক পাওয়ার খবর শুনে আমি দারুণ রোমাঞ্চিত ছিলাম। বিশেষ করে বিশ্বজুড়ে ফুটবলে যিনি অসংখ্য শিরোপা জিতেছেন, সেই কোচের দলে ডাক পেয়ে খুব খুশি হয়েছিলাম। অবশ্যই কিছুটা নার্ভাসও ছিলাম; তবে এখানে আসার পর দেখলাম, তিনি চমৎকার একজন মানুষ, দারুণ এক বন্ধু এবং খেলোয়াড়দের সবসময় সাহায্য করতে প্রস্তুত একজন। ব্রাজিল জাতীয় দল ও আনচেলত্তিকে সাহায্য করতে আমি আমার সর্বোচ্চটা করতে চাই।”

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এর চার দিন পর তারা খেলবে বলিভিয়ার মাঠে।