Published : 04 Mar 2025, 03:29 PM
চলতি লিগে দুর্বার গতিতে ছুটে চলা বসুন্ধরা কিংসকে যা একটু চাপে রেখেছিল মোহামেডান, তারাও এবার হোঁচট খেল। বাংলাদেশ পুলিশের বিপক্ষে দলটি পয়েন্ট হারানোয় কিংস পেয়ে গেল ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে শনিবার পুলিশের সঙ্গে গোলশুন্য ড্র করে মোহামেডান। ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।
মোহামেডানের চেয়ে এ মুহূর্তে ৪ পয়েন্ট বেশি নিয়ে লিগ টেবিলে শীর্ষে রয়েছে কিংস। দিনের পরের ম্যাচে, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে অস্কার ব্রুসনের দল জিতলে মোহামেডানের সঙ্গে তাদের ব্যবধান বেড়ে দাঁড়াবে ৭।
১৩ ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতু্থ স্থানে আছে পুলিশ। ম্যাচে প্রথম ভালো সুযোগ পেয়েছিল তারাই। কিন্তু অষ্টাদশ মিনিটে সৈয়দ কাজেম শাহ কিরমানির নিচু শট পোস্টে লেগে প্রতিহত হয়। বিরতির আগে এই ফরোয়ার্ডের শট আটকান মোহামেডান গোলরক্ষক সুজন হোসেন।
দ্বিতীয়ার্ধেও দুই দল গোলের জন্য চেষ্টা চালায়, কিন্তু কেউ পারেনি ডেডলক খুলতে। টানা তিন জয়ের পর ড্র করল মোহামেডান।
দিনের আরেক ম্যাচে, রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনী। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট বন্দরনগরীর দলটির।
অষ্টাদশ মিনিটে নাসিরউদ্দিন চৌধুরী দলকে এগিয়ে নেওয়ার পর পল কোমোলেফে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর রিয়াজ উদ্দিন সাগর ও ডেভিড ইফেগুইয়ের লক্ষ্যভেদে বড় জয়ের পথে ছুটতে থাকে চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্রাদার্সের কফিনে পঞ্চম পেরেকটি ঠুকে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড কোমোলেফে।
ব্রাদার্স যথারীতি ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। চলতি লিগে গোপীবাগের দলটি এ নিয়ে ১০ ম্যাচ হারের তেতো স্বাদ পেল। লিগের একমাত্র দল হিসেবে এখন পর্যন্ত জয়হীন ব্রাদার্স ৩ পয়েন্ট নিয়ে টেবিলে আছে তলানিতে।