Published : 05 Feb 2026, 08:21 PM
রেয়াল মাদ্রিদে হতাশাময় মৌসুমের প্রথম অর্ধের পর ফ্রান্সে পাড়ি জমিয়ে যেন আলোর দেখা পেয়েছেন এন্দ্রিক। লিওঁর হয়ে দারুণ ছন্দে আছেন তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার। তাকে তুলনা করা হচ্ছে ২০২২ সালের ব্যালন দ’র জয়ী কারিম বেনজেমার সঙ্গে, যিনি ক্যারিয়ারের শুরুতে লিওঁতে খেলেছিলেন। এতে উচ্ছ্বসিত হলেও এন্দ্রিকের সরল স্বীকারোক্তি, তার থেকে অনেক এগিয়ে বেনজেমা।
চলতি মৌসুমে রেয়ালে সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচে মাত্র ৯৯ মিনিট খেলতে পারেন এন্দ্রিক। গত ডিসেম্বরে ধারে বাকি মৌসুমের জন্য লিওঁতে যোগ দেন ১৯ বছর বয়সী এই ফুটবলার।
ক্লাবটির হয়ে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে তিনি গোল করেছেন পাঁচটি, সঙ্গে অ্যাসিস্ট একটি। সবশেষ বুধবার ফরাসি কাপের শেষ ষোলোয় লাভালের বিপক্ষে বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে চোখধাঁধানো এক গোল করেন তিনি। ২-০ গোলের জয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় লিওঁ।
পরে বেনজেমার সঙ্গে তুলনা নিয়ে জিজ্ঞেস করা হলে এন্দ্রিক বলেন, “এটা আমার জন্য খুবই ভালো ব্যাপার। কারণ, তিনি গ্রেট খেলোয়াড়, অসাধারণ খেলোয়াড়, যে বিশ্বের সেরা ছিল।”
“তবে কারিম আমার থেকে আলোক-বর্ষ এগিয়ে। আশা করি, তিনি আল হিলালে ভালো করবেন। আমি খুব খুশি এখানে থাকতে পেরে, যেখানে কারিম খেলেছেন।”
লিওঁ যুব দল হয়ে এই ক্লাবের জার্সিতেই পেশাদার ফুটবলে পা রাখেন বেনজেমা। ২০০৯ সালে রেয়ালে যোগ দেওয়ার আগে স্বদেশের ক্লাবটির চারটি লিগ শিরোপা জয়ে অবদান রাখেন তিনি। পরে রেয়ালে সাফল্যমণ্ডিত অধ্যায়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও চারটি লা লিগাসহ শিরোপা জেতেন তিনি মোট ২৫টি।
ইউরোপিয়ান ফুটবল ছেড়ে ২০২৩ সালের জুনে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দেন বেনজেমা। গত মৌসুমে দলটির লিগ ও কিংস কাপ জয়ে তার ছিল উল্লেখযোগ্য অবদান। গত সোমবার আল হিলালে নাম লেখান ৩৮ বছর বয়সী এই স্ট্রাইকার।