১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বের্নাবেউয়ে বেঞ্চে থাকায় ক্ষোভ প্রকাশ করে মায়োর্কা অধিনায়কের শাস্তি

অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পাশাপাশি দানি রদ্রিগেসকে সাময়িক বরখাস্ত করেছে মায়োর্কা।

বের্নাবেউয়ে বেঞ্চে থাকায় ক্ষোভ প্রকাশ করে মায়োর্কা অধিনায়কের শাস্তি
দানি রদ্রিগেস। ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2025, 11:11 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

লা লিগায় রেয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে না পেরে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করায় শাস্তি পেয়েছেন মায়োর্কা অধিনায়ক দানি রদ্রিগেস। এই স্প্যানিশ মিডফিল্ডারকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি সাময়িক বরখাস্ত করেছে তার ক্লাব।  

সান্তিয়াগো বের্নাবেউয়ে গত শনিবারের ম্যাচটি ২-১ গোলে হারে মায়োর্কা। পুরো ম্যাচেই রদ্রিগেসকে বেঞ্চে বসিয়ে রাখেন কোচ।

রদ্রিগেসের খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত ছিল তার পরিবার। স্টেডিয়ামে থাকা পরিবারের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তাকে না খেলানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার।

“একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও উপদেশ: কারো কাছ থেকে কখনও কিছু আশা করবেন না, বিশেষ করে এখনকার দিনে যখন নির্দিষ্ট কোনো প্রক্রিয়া, সংস্কৃতি ও কঠোর পরিশ্রমের প্রতি যথেষ্ট সম্মান দেখানো হয় না। প্রতিদান হিসেবে কিছু পাওয়ার আশায় কিছু করবেন না। নিজের ও নিজের ভালোলাগার জন্য করুন।”

পরে স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত খোলা চিঠিতেও হতাশা প্রকাশ করেন রদ্রিগেস।

মায়োর্কা বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, রদ্রিগেসকে ‘দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সে (এই সময়ে) বেতনও পাবে না’ এবং ক্লাব ‘তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে এবং এই সিদ্ধান্ত এখন থেকেই কার্যকর।’

২০১৮ সালে মায়োর্কায় যোগ দেন রদ্রিগেস। দলটির হয়ে এখন পর্যন্ত ২৮২ ম্যাচ খেলে ৩২ গোল করেছেন তিনি।