১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সতীর্থ মার্তিনকে গার্সিয়ার ধাক্কা ‘অখেলোয়াড়সুলভ আচরণ’

সাবেক স্প‍্যানিশ রেফারি মাতেও লাহোসের মতে, এস্পানিওলের বিপক্ষে বার্সেলোনা গোলরক্ষকের ওই কাণ্ডে ইনডাইরেক্ট ফ্রি কিক দেওয়া উচিত ছিল।

সতীর্থ মার্তিনকে গার্সিয়ার ধাক্কা ‘অখেলোয়াড়সুলভ আচরণ’
আলোচিত সেই মুহূর্ত। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2026, 04:46 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

পরিস্থিতি সামলাতে সামনে থাকা সতীর্থ জেরার্দ মার্তিনকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ভক্তদের কাছ থেকে বিপুল প্রশংসা পাওয়া হোয়ান গার্সিয়াকে কাঠগড়ায় তুলেছেন মাতেও লাহোস। স্পেনের সাবেক এই রেফারি মনে করছেন, এস্পনিওলের বিপক্ষে বার্সেলোনা গোলরক্ষকের ওই কাণ্ড ছিল শাস্তি যোগ‍্য।

লা লিগায় এস্পানিওলের মাঠে গত শনিবার বার্সেলোনার ২-০ গোলে জয়ের ম্যাচের ঘটনা এটি।

কোনোভাবেই ছুটে গিয়ে বলের নাগাল পেতেন না মার্তিন। বিপদ দেখে তাকে ধাক্কা মারেন ম্যাচজুড়ে দারুণ গোলকিপিং করা গার্সিয়া। পড়ে গিয়েও প্রতিপক্ষের সেই শট শেষ পর্যন্ত পা দিয়ে ঠেকান বার্সেলোনা ডিফেন্ডারই। দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিপদ এড়ানোয় ম‍্যাচের পর প্রশংসায় ভাসেন গার্সিয়া।

তবে মুভিস্টার প্লাসের সঙ্গে আলোচনায় লাহোস বললেন, সেই ঘটনায় শাস্তি দেওয়া প্রয়োজন ছিল রেফারি ভিক্তর গার্সিয়ার।

“ফিফার নিয়মে এটা অখেলোয়াড়সুলভ আচরণ। এটা সত‍্য যে, সে সামনের বাধা সরাতে চেয়েছিল, কিন্তু এটা সে করতে পারে না। যখন আপনি ইচ্ছাকৃতভাবে একজন সতীর্থকে ধাক্কা দেবেন এবং তাকে প্রায় চোটের ঝুঁকির মধ‍্যে ফেলে দেবেন, সেটার অনুমতি নিয়ম দেয় না।”

“ভিএআরের এখানে কিছু করার ছিল না। এটা এমন পরিস্থিতি ছিল না, যেখানে ভিএআর সাহায‍্য করতে পারে। কারণ, এটা হতে পারত ইনডাইরেক্ট ফ্রি কিং এবং হলুদ কার্ড। আমি নিশ্চিত রেফারি মনে করেছেন, জায়গার জন‍্য লড়াইয়ের মধ‍্যে এটা ছিল অনিচ্ছাকৃত সংঘর্ষ।” 

লাহোসের এই বিশ্লেষণ সামাজিক মাধ‍্যমে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দেয়। বেশিরভাগই উদাহরণ হিসেবে সামনে এনেছেন ২০১৬-১৭ মৌসুমের কোপা দেল রের একটি ম‍্যাচকে। সে সময় ভিএআর ছিল না। সেভিয়ার বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে রেয়াল মাদ্রিদের হামেস রদ্রিগেস ধাক্কা মেরেছিলেন সতীর্থ লুকা মদ্রিচকে। সবাইকে বিস্ময়ে ভাসিয়ে রেফারি পেনাল্টি দিয়েছিলেন রেয়ালকে।