কোপা আমেরিকার সেরা ফুটবলার হতে চান রদ্রিগেস
দলের স্বপ্নময় যাত্রা আরও দীর্ঘায়িত করে ব্যক্তিগত অর্জনের ঝুলিও ভারী করার লক্ষ্য কলম্বিয়া অধিনায়ক হামেস রদ্রিগেসের।
পেনাল্টিতে নিজে করলেন এক গোল। এর আগে-পরে সতীর্থদের গোলে করলেন সহায়তা। গ্রুপ পর্বের মতোই নকআউটেও উজ্জ্বল হামেস রদ্রিগেস। ধারাবাহিক পারফরম্যান্সে কোপা আমেরিকায় সেরা হওয়ার লক্ষ্য কলম্বিয়া অধিনায়কের।
বাংলাদেশ সময় রোববার ভোরে কোয়ার্টার-ফাইনাল ম্যাচে পানামাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কলম্বিয়া। টানা ২৭ ম্যাচ অপরাজিত থেকেই উরুগুয়ের বিপক্ষে সেমি-ফাইনালে খেলতে নামবে তারা।
কলম্বিয়ার এই অজেয় যাত্রার বড় কারিগরদের একজন রদ্রিগেস। চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচে এক গোলের সঙ্গে চারটি অ্যাসিস্ট করেছেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড। শেষ চারে ওঠার দিন দ্বিতীয় গোলের সঙ্গে দুটি অ্যাসিস্ট করে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
গ্রুপ পর্বে প্যারাগুয়ে ও কোস্টা রিকার বিপক্ষে সতীর্থদের একটি করে গোলে সহায়তা করেন কলম্বিয়া অধিনায়ক। ২০০১ সালের পর আবার কোপায় চ্যাম্পিয়ন হতে বাকি দুই পরীক্ষায়ও রদ্রিগেসের ওপরেই বড় নির্ভরতা থাকবে কলম্বিয়ার।
সেই ম্যাচগুলো ভালোভাবে শেষ করে কোপা আমেরিকার সেরা ফুটবলারের স্বীকৃতি নিজের করে নিতে চান ২০১৪ ফিফা বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী ফরোয়ার্ড।
“কোপা আমেরিকার সেরা ফুটবলার হতে চাই কিনা? হ্যাঁ! আমি খুব ভালো একটি টুর্নামেন্ট কাটাতে চেয়েছি, সতীর্থদের অনেক দূর যেতে সাহায্য করতে চেয়েছি। শেষ দিন পর্যন্ত আমরা লড়াই করব।”
“আশা করি, আমরা সবাই যেটা চাচ্ছি, সেই ফাইনালে যেতে পারব। আমরা খুব ভালো সময়ও কাটাচ্ছি।”
ছন্দে থাকা রদ্রিগেসকে ম্যাচ শেষে প্রশংসায় ভাসান কলম্বিয়া কোচ নেস্তর লরেন্সো।
“সে দুর্দান্ত ফুটবলার। তার ব্যাপারে ব্যাখ্যা করার কিছু নেই। মাঠে দারুণ খুশি থাকা একজন ফুটবলার সে।”
