১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চোট নিয়ে ‘মিথ্যা ছড়ানোয়’ নিকো পাসের ক্ষোভ

তার চোট যে গুরুতর কিছু নয়, শুরু থেকেই জানতেন আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার।

চোট নিয়ে ‘মিথ্যা ছড়ানোয়’ নিকো পাসের ক্ষোভ
আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2026, 10:36 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

শঙ্কা উড়িয়ে বিশ্বকাপের আগেই মাঠে ফিরতে পেরে ভীষণ খুশি নিকো পাস। আইসল্যান্ড ম্যাচ শেষে কিছুটা ক্ষোভও উগড়ে দিয়েছেন তিনি। তার চোট নিয়ে ‘মিথ্যা ছড়ানো’ হয়েছে বলে দাবি আর্জেন্টিনার এই তরুণ মিডফিল্ডারের।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে বুধবার আইসল্যান্ডকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়ে মাঠে ফেরেন ২১ বছর বয়সী পাস। বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে ৫৮ মিনিট খেলেন তিনি।

ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে খেলার সময় হাঁটুতে চোট পান পাস। এই সমস্যা নিয়েই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন তিনি। আলাদাভাবে অনুশীলন করে নিজেকে প্রস্তুতি করছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

আইসল্যান্ডের বিপক্ষে জয়ের পর মিক্স জোনে পাস বলেন, তার চোট যে গুরুতর কিছু নয়, শুরু থেকেই জানতেন তিনি।

“আমার চোট নিয়ে অনেক মিথ্যা ছড়ানো হয়েছে। এমন সব কথা বলা হয়েছে, যা সত্যি নয়। প্রথম থেকেই আমি জানতাম, এটা গুরুতর কিছু নয়। আমাকে কেবল ধাপে ধাপে এগোতে হতো। সৌভাগ্যবশত আমি এখন পুরোপুরি সুস্থ।”

সেরি আয় ৩৫ ম্যাচে ১২ গোল করা পাস সবসময় পাশে থাকার জন্য সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

“দল খুবই ভালো খেলেছে। ব্যক্তিগতভাবে হাঁটুর কোনো অস্বস্তি ছাড়া আমিও ভালো খেলেছি।”

“আমি যেভাবে খেলতে পছন্দ করি, সেভাবে খেলতে দলের সবাই আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। তাদের প্রতি খুবই কৃতজ্ঞ এবং নিজের স্বাভাবিক খেলাটা উপহার দিতে উন্মুখ হয়ে আছি।”

আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।