১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মাঝে ম্যানচেস্টার সিটির অনুশীলনে গ্রিলিশ

তবে তার ঠিকানা বদলের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি।

ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মাঝে ম্যানচেস্টার সিটির অনুশীলনে গ্রিলিশ
জ্যাক গ্রিলিশ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 04:17 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

দলে জায়গা হারিয়েছেন আগেই। ছিলেন না ক্লাব বিশ্বকাপের স্কোয়াডেও। ভবিষ্যৎ ঘিরে চলমান অনিশ্চয়তার মাঝেই ম্যানচেস্টার সিটি সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন জ্যাক গ্রিলিশ। 

এতে অবশ্য তার সিটির স্কোয়াডে জায়গা পাকা হওয়ার নতুন কোনো সম্ভাবনা জাগেনি। ইএসপিএনের খবর, এভারটন ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এই ইংলিশ মিডফিল্ডারকে দলে টানতে চেষ্টা করছে।

২০২১ সালে অ্যাস্টন ভিলা থেকে বড় অঙ্কের ট্রান্সফার ফিতে সিটিতে আসেন গ্রিলিশ। শুরুতে নিজের সামর্থ্যের জানানও দেন তিনি। দুই বছর আগে ক্লাবটির ঐতিহাসিক ট্রেবল জয়ের অভিযানে গুরুত্বপূর্ণ সদস্যদের একজন ছিলেন এই তারকা।

তবে তাকে ঘিরে সেই সুসময় স্থায়ী হয়নি। গত মৌসুমের শুরু থেকে সিটি ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়ে শেষ দিকে ঘুরে দাঁড়ালেও, গ্রিলিশ পুরোটা সময়ই ছিলেন খোলসে বন্দি। এরপর তাকে বাদ দিয়ে জুন-জুলাইয়ের ফিফা ক্লাব বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেন কোচ পেপ গুয়ার্দিওলা।

পরে জুনের মাঝমাঝি কোচ পরিষ্কার করে জানিয়ে দেন, নিয়মিত খেলার সুযোগ পেতে গ্রিলিশের ঠিকানা বদল করাই হবে ভালো সিদ্ধান্ত। পরে মাঝের প্রায় পুরোটা সময় একা অনুশীলন করেন তিনি।

দীর্ঘদিন পর অবশেষে সোমবার প্রাক-মৌসুমে সিটির প্রথম অনুশীলনের দিনে দলের সঙ্গে যোগ দেন গ্রিলিশ।

২৯ বছর বয়সী এই ফুটবলারকে একেবারে বিক্রি করার চেষ্টাতেই আছে সিটি। তবে গ্রীষ্মের দলবদলের সময়সীমা শেষ হয়ে আসছে, তাই সমস্যার আপাতত সমাধানে তাকে ধারে পাঠানোর চেষ্টাও করা হচ্ছে বলে লিখেছে ইএসপিএন।

ইতিহাদ স্টেডিয়ামের দলটির সঙ্গে এখনও দুই বছরের চুক্তি আছেন গ্রিলিশের।