Published : 13 May 2026, 06:37 PM
মৌসুমের আর সপ্তাহ দুয়েক বাকি। ফুরিয়ে আসছে চুক্তির মেয়াদ। ফলে বার্সেলোনায় মার্কাস র্যাশফোর্ড ও রবের্ত লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। দুইজনই অবশ্য থাকতে চান কাম্প নউয়ে; তবে ক্লাবের ভাবনা এখনও স্পষ্ট নয়। প্রধান কোচ হান্সি ফ্লিক জানালেন, চলতি মৌসুমের ব্যস্ততা শেষেই তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এবারের লা লিগা জয়ে এই দুই ফরোয়ার্ডেরই দারুণ অবদান আছে। পরিসংখ্যানেও তার প্রমাণ স্পষ্ট।
গত রোববার ক্লাসিকোয় র্যাশফোর্ডের চমৎকার ফ্রি কিক গোলেই এগিয়ে যায় বার্সেলোনা। ম্যাচটি ২-০ গোলে জিতে, তিন রাউন্ড বাকি থাকতেই লিগ শিরোপা ধরে রাখা নিশ্চিত করে কাতালান ক্লাবটি।
ইউনাইটেডের সঙ্গে চুক্তি অনুযায়ী, ২৮ বছর বয়সী এই খেলোয়াড়কে কিনে নেওয়ার সুযোগ আছে বার্সেলোনার।
লিগ শিরোপা জয়ের পর বৃহস্পতিবার প্রথম মাঠে নামবে বার্সেলোনা, আলাভেসের বিপক্ষে। আগের দিন সংবাদ সম্মেলনে র্যাশফোর্ড ও লেভানদোভস্কিকে ধরে রাখা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে কোচ ফ্লিক বললেন, “মৌসুম শেষে আমরা সবকিছু পর্যালোচনা করব।”
“এরপর আমরা দেখব, কী হয়। মার্কাস আমাদের অনেক দিয়েছে। তার সংখ্যাও ভালো। এতে আমি খুশি।”
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে গত বছরের জুলাইয়ে এক বছরের ধারের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন র্যাশফোর্ড। ওল্ড ট্র্যাফোর্ডে ছন্দ হারিয়ে ফেলা এই ইংলিশ ফুটবলার স্পেনে এসে যেন নিজেকে নতুন করে ফিরে পান। দলটির হয়ে এবারের লিগে আটটি গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন তিনি, মৌসুমে সব মিলিয়ে তার গোল ও অ্যাসিস্ট সমান ১৪টি করে।
র্যাশফোর্ড অবশ্য নিজের চাওয়া নিয়ে কোনো রাখঢাক করেননি। ক্লাসিকোর পরই জানান, “আমি জাদুকর নই, তবে যদি হতাম, তাহলে আমি (এখানে) থাকতাম।”
লেভানদোভস্কির পরিস্থিতি কিছুটা ভিন্ন। আগামী অগাস্টে ৩৮ বছর পূর্ণ হবে তার। জুনে তার সঙ্গে বার্সেলোনার চুক্তিও শেষ হয়ে যাবে। পোলিশ তারকার প্রতি ইউরোপের কয়েকটি ক্লাব এবং যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ক্লাবের আগ্রহের খবর শোনা গেছে।
গণমাধ্যমের খবর, বার্সেলোনা ইতোমধ্যে লেভানদোভস্কির সঙ্গে বেতন কমানোর শর্তে নতুন চুক্তির বিষয়ে আলোচনা করেছে; তবে কোনো সিদ্ধান্ত হয়নি।
বার্সেলোনার আগেও বায়ার্ন মিউনিখে ফ্লিকের কোচিংয়ে খেলেছেন লেভানদোভস্কি এবং সেখানে একসঙ্গে তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। এই জার্মান কোচ আবার বললেন, মৌসুম শেষ হলেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
“রবের্তের বিষয়ে, আমি কী বলব? আমি ক্লাবে সব শিরোপা জিতেছি তার সঙ্গে।”
“এমন এক চমৎকার খেলোয়াড়কে কোচিং করাতে পেরে আমি গর্বিত। আমাদের সবকিছু বিশ্লেষণ করতে হবে এবং এরপর দেখা যাবে, আগামী মৌসুমে কী হয়।”
এবারের লা লিগা জয়ের পথে মোট ১৩টি গোল করেছেন লেভানদোভস্কি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল ১৮টি।