১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বের্নাবেউয়ে কুকুরেইয়ার ‘স্পেশাল’ রাত

সান্তিয়াগো বের্নাবেউয়ে অভিষেক স্মরণীয় হয়ে রইল স্পেনের বিশ্বকাপ জয়ী ডিফেন্ডারের জন্য।

বের্নাবেউয়ে কুকুরেইয়ার ‘স্পেশাল’ রাত
বিশ্বকাপ ট্রফি হাতে মার্ক কুকুরেইয়া। ছবি: রেয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 08:08 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

ম্যাচ শুরুর আগে বিশ্বকাপ ট্রফি হাতে মাঠে ঢুকলেন মার্ক কুকুরেইয়া। স্প্যানিশ এই ডিফেন্ডারকে গার্ড অব ওনার দিলেন দুই দলের ফুটবলাররা। পরে রেয়াল সোসিয়েদাদকে উড়িয়ে দিল তার দল রেয়াল মাদ্রিদ। সব মিলিয়ে, সান্তিয়াগো বের্নাবেউয়ে অভিষেকটা স্মরণীয় হয়ে রইল কুকুরেইয়ার জন্য।

বিশ্বকাপ চলার সময়ই চেলসি থেকে কুকুরেইয়ারকে দলে টানার কথা জানায় রেয়াল। গত শনিবার এস্পানিওলের মাঠে মৌসুমের প্রথম ম্যাচে ক্লাবটির জার্সিতে অভিষেক হয় তার। ২৮ বছর বয়সী এই ফুটবলার বুধবার রেয়ালের ঘরের মাঠে খেলতে নেমে বলেন, রাতটা তার জন্য খুব ‘স্পেশাল।’

স্পেনের বিশ্বকাপ জয়ী দলের সদস্য মিকেল ওইয়ারসাবাল খেলেন রেয়াল সোসিয়েদাদের হয়ে। এদিন ম্যাচের আগের ওই অনুষ্ঠানে কুকুরেইয়ার সঙ্গে যোগ দেন ওইয়ারসাবালও।

ফরাসি তারকা কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে ৪-১ গোলে হারায় রেয়াল মাদ্রিদ। তাদের অন্য গোলটি করেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়র।

ম্যাচ শেষে কুকুরেইয়া বলেন, এর চেয়ে ভালো রাত আর হতে পারে না।

“দারুণ একটি রাত, এর চেয়ে বেশি কিছু চাওয়ার থাকতে পারে না। ক্লাব সমর্থকদের সামনে বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরার মুহূর্তটি ছিল খুব স্পেশাল। এরপর ম্যাচেও আমরা দারুণ খেলেছি। আমরা ভালো একটি দলের বিপক্ষে খেলেছি। তারা আমাদের কঠিন পরীক্ষায় ফেলেছিল, তবে দল অসাধারণ পারফরম্যান্স করেছে।”

এরপর বের্নাবেউয়ে অভিষেক নিয়ে নিজের অনুভূতি তুলে ধরেন বার্সেলোনার বিখ্যাত ক্লাব লা মাজিয়ায় বেড়ে ওঠা এই লেফট-ব্যাক।

“খুবই স্পেশাল ছিল। ভীষণ আবেগের ছিল মুহূর্তটি। আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দিন। প্রথমবারের মতো আমার পরিবার আমাকে দেখতে এই স্টেডিয়ামে এসেছে। আমি খুব খুশি এবং আশা করি এমন আরও অনেক রাত আসবে। 

“নিজেকে সৌভাগ্যবান মনে হয়েছে। খুব বেশি খেলোয়াড় এমন ভালোবাসা পান না এবং এই স্টেডিয়ামে এত গুরুত্বপূর্ণ একটি ট্রফি প্রদর্শনের সুযোগও পান না। আমি যে ভালোবাসা পেয়েছি, তাতে খুব খুশি। কঠোর পরিশ্রম করে যাব, কারণ এটা কেবল শুরু।”

মৌসুমে এখনও শুরুর একাদশে খেলার সুযোগ পাননি কুকুরেইয়া। এস্পানিওলের বিপক্ষে ২৬ মিনিট খেলেন তিনি। আর রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে দ্বিতীয়ার্ধের পুরোটায় মাঠে ছিলেন এই ফুটবলার।

“ধাপে ধাপে এগোচ্ছি। এটা পরিষ্কার যে, প্রাক-মৌসুম প্রস্তুতি খুব বেশি হয়নি। তবে ধীরে ধীরে ভালো অনুভব করছি। আমরা দারুণ কাজ করছি। মৌসুম অনেক দীর্ঘ এবং কোচ জানেন কীভাবে দলকে খুব ভালোভাবে পরিচালনা করতে হয়। এটা তার শক্তির জায়গাগুলোর একটি।”

দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে থাকা রেয়াল মাদ্রিদ আগামী রোববার মালাগার মুখোমুখি হবে।