লিভারপুলেই ‘থাকছেন’ কোনাতে
ফরাসি ডিফেন্ডার বলেছেন, অ্যানফিল্ডের ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করার খুব কাছে আছেন তিনি।
চলতি মৌসুমেই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তবে লিভারপুলে পথচলা আরও দীর্ঘ করতে চান ইব্রাহিমা কোনাতে। ফরাসি ডিফেন্ডার বলেছেন, অ্যানফিল্ডের ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করার খুব কাছে আছেন তিনি।
লাইপজিগ থেকে ২০২১ সালে পাঁচ বছরের চুক্তিতে লিভারপুলে যোগ দেন কোনাতে। চলতি মৌসুমের পর নতুন ক্লাবে যোগ দিতে পারেন তিনি, এমন গুঞ্জনও আছে। যেখানে রেয়াল মাদ্রিদের নামও শোনা যায়। সেসব উড়িয়ে দিলেন ২৬ বছর বয়সী ফুটবলার।
এভারটনের বিপক্ষে রোববার ২-১ ব্যবধানে জয়ের পর লিভারপুলে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন কোনাতে।
“নিশ্চিতভাবে, আগামী মৌসুমেও আমার এখানে থাকার জোর সম্ভাবনা রয়েছে। আমি সবসময় এটাই চেয়েছি।”
“আমি চুক্তি চূড়ান্ত হওয়ার অপেক্ষায় আছি। তবে যখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, তখন রিচার্ডকে (স্পোর্টিং ডিরেক্টর) জিজ্ঞেস করবেন, সেপ্টেম্বর-নভেম্বরে আমি তাকে কী বলেছিলাম, যখন কেউ এসব নিয়ে কথা বলা শুরুও করেনি। তিনি তখন এমন কিছু জানাবেন, যা সবাইকে চুপ করিয়ে দেবে।”
লিভারপুলের জার্সিতে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭৮ ম্যাচ খেলেছেন কোনাতে। সাতটি গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন তিনি।
