১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শততম ম্যাচে শেষ মুহূর্তের গোলে পিএসজিকে জেতালেন রামোস

চার মিনিট যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে হেডে জালে বল পাঠান পর্তুগিজ স্ট্রাইকার।

শততম ম্যাচে শেষ মুহূর্তের গোলে পিএসজিকে জেতালেন রামোস
পিএসজির হয়ে ১০০ ম্যাচে গন্সালো রামোসের গোল হলো ৩৮টি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2025, 12:26 AM

Updated : 26 Aug 2026, 02:35 PM

নির্ধারিত ৯০ মিনিটে স্কোরলাইন গোলশূন্য। চার মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে কর্নার পেল পিএসজি। লি কাং-ইনের কর্নারে খাভিচা কাভারাৎস্খেলিয়ার হেড পাসে দূরের পোস্টে হেডেই বল জালে পাঠিয়ে ছুটলেন গন্সালো রামোস। পিএসজির জার্সিতে শততম ম্যাচটা এর চেয়ে স্মরণীয় হয়তো আর হতো না পর্তুগিজ স্ট্রাইকারের।  

লিগ আঁয় শনিবার ঘরের মাঠে নিসের বিপক্ষে ম্যাচটি ১-০ গোলে জিতেছে শিরোপাধারীরা।

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ সব পারফরম্যান্সে এগিয়ে চলা পিএসজির ঘরোয়া লিগে সময় ভালো কাটছে না। এই নিয়ে সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে তাদের জয় কেবল দুটি, বাকি তিনটি ড্র। জয়ের দেখা পেল তারা এক ম্যাচ পর।

১১ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে অবশ্য শীর্ষেই আছে লুইস এনরিকের দল। এক ম্যাচ কম খেলে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে মোনাকো।

১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আট নম্বরে নিস।

ম্যাচজুড়ে বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য করে পিএসজি। প্রায় ৭৭ শতাংশ পজেশন রেখে গোলের জন্য প্রথম ২৭ শটের সাতটি লক্ষ্যে রাখতে পারলেও জালের দেখা পায়নি তারা। ২৮ নম্বর ও শেষ শটে মেলে কাঙ্ক্ষিত গোল।

৭২তম মিনিটে বদলি নেমে ব্যবধান গড়ে দিলেন রামোস। এই মৌসুমে লিগে ১০ ম্যাচে তার গোল হলো দুটি, আর পিএসজির হয়ে সব মিলিয়ে ৩৮টি।