Published : 10 Jul 2025, 04:21 PM
ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে পিএসজির বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর নিজেদের ব্যর্থতা মেনে নিলেন শাবি আলোন্সো। স্বাভাবিকভাবে এই হার খুব পোড়াচ্ছে তাকে। তবে রেয়াল মাদ্রিদ কোচ প্রত্যয়ী কণ্ঠে বললেন, আগামী মৌসুমে একেবারে নতুন করে শুরু করবে তার দল।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বুধবার ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজির সামনে দাঁড়াতেই পারেনি রেয়াল। ইউরোপের সফলতম ক্লাবটিকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে জায়গা করে নেয় লুইস এনরিকের দল।
নিষেধাজ্ঞার কারণে ডিন হাউসেনকে ও চোটের জন্য আরেক ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে এই ম্যাচে পায়নি রেয়াল। টুর্নামেন্টের শুরুতে পাঁচ ডিফেন্ডারের রক্ষণে সাফল্য পেলেও, এদিন চার ডিফেন্ডারের রক্ষণে ফিরে আসে তারা।
কৌশলগত পরিবর্তনের ফলে টুর্নামেন্টের চমক গন্সালো গার্সিয়া ও তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে একসঙ্গে শুরু করেন। তাদের সঙ্গে ছিলেন ভিনিসিউস জুনিয়র। কিন্তু জ্বলে উঠতে পারেনি রেয়ালের আক্রমণভাগ।
প্রথম ৯ মিনিটের মধ্যেই দুটি গোল হজম করে রেয়াল, ২৪ মিনিটের মধ্যে তিনটি। দ্বিতীয়ার্ধে তাদের খেলায় কিছুটা উন্নতি হলেও জালের দেখা তারা পায়নি। বরং শেষ দিকে আরেকটি গোলে বড় জয় নিশ্চিত করে পিএসজি। দলটির হয়ে জোড়া গোল করেন ফাবিয়ান রুইস, একটি করে উসমান দেম্বেলে ও গন্সালো রামোস।
ম্যাচের পর নিজেদের ব্যর্থতা স্বীকার করে নেন আলোন্সো।
“আমরা দুই গোল পিছিয়ে ছিলাম এবং নিজেদের অবস্থান খুঁজে পাচ্ছিলাম না। বেদনাদায়ক পরাজয় এটা। আমাদের স্বীকার করতেই হবে যে, আমরা মান অনুযায়ী খেলতে পারিনি।”
তিন গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে কোনো পরিবর্তন আনেননি আলোন্সো। এই অর্ধের মাঝামাঝি কিছু পরিবর্তন আনেন তিনি।
“আমাদের কিছু ভুল ছিল। কখনও কখনও নিজেদের ভুলগুলো দেখা ভালো, এতে ভবিষ্যতের জন্য শিক্ষা নেওয়া যায়।”
ভীষণ হতাশার মৌসুমে ট্রফি শূন্যই থাকল রেয়াল। এই ম্যাচ দিয়ে রেয়াল মাদ্রিদ অধ্যায় শেষ হলো লুকা মদ্রিচ ও লুকাস ভাসকেসের। আরও নতুন খেলোয়াড় দলে টানার সম্ভাবনা উড়িয়ে দিলেন না ক্লাব বিশ্বকাপ দিয়ে দলটির দায়িত্ব নেওয়া আলোন্সো।
“বিরতির পর তরতাজা হয়ে আমরা শুরু করব। আমরা এমন একটি দল তৈরি করতে চাই, যারা ঐক্যবদ্ধ হয়ে খেলবে, সবাই একসঙ্গে খেলবে... আমরা এক ম্যাচ দূরে ছিলাম (ফাইনাল থেকে), এটা বেদনাদায়ক। দেখা যাক সামনে কী হয়।”