১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আবারও ভারতকে হারাতে হবে’, নেপালকে উড়িয়ে বললেন বাটলার

নেপালের বিপক্ষে ম্যাচে বেঞ্চের শক্তি পরখ করে নিতে পেরে খুশি বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ।

‘আবারও ভারতকে হারাতে হবে’, নেপালকে উড়িয়ে বললেন বাটলার
বাংলাদেশ দলের অনুশীলনে কোচ পিটার জেমস বাটলার। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 06:50 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

রাউন্ড রবিন লিগ বাংলাদেশ শেষ করেছে নেপালকে হারিয়ে, সবগুলো ম্যাচ জয়ের তৃপ্তি নিয়ে। এবার ফাইনাল খেলতে হবে ভারতের বিপক্ষে, যাদেরকে ইতোমধ্যে একবার হারিয়েছে মেয়েরা। সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে দেশে ফিরতে হলে আবার ভারতকে হারাতে হবে, বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার এখন সেই ছক কষছেন।

পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে বুধবার আলপি আক্তারের হ্যাটট্রিকে প্রতিযোগিতার আয়োজক নেপালকে ৪-০ গোলে হারায় বাংলাদেশ। তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগে সেরা হয়েছে দল। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ভারত। এই দুই দল আগামী শনিবার নামবে শিরোপা লড়াইয়ে।

নেপালের বিপক্ষে বেঞ্চের শক্তি পরখ করে নিতে সেরা একাদশে সাতটি পরিবর্তন আনেন বাটলার। তৃতীয় মিনিটে প্রতিমা মুন্দার গোলে এগিয়ে যায় দল। এরপর অবশ্য খেলায় গতি ও আক্রমণের ধার কমে। সেটা বাড়াতে আলপি আক্তার, শান্তি মার্দি, সুরভি আকন্দ প্রীতিদের নামান তিনি। 

আলপির হ্যাটট্রিকে মেলে প্রত্যাশিত জয়। সব মিলিয়ে রাউন্ড রবিন লিগে দলের পারফরম্যান্সে খুশি বাটলার।

“নেপালের বিপক্ষে যখনই খেলি, আমাদের লড়াই করতে হয়। কেননা, তারা যোদ্ধা এবং সমান প্রচেষ্টা ও কমিটমেন্ট নিয়ে তাদের বিপক্ষে আমাদের লড়তে হয়। আমার মনে হয়, মেয়েরা সেটা খুবই ভালোভাবে করতে পেরেছে, বিশেষ করে শুরুর ১৫-২০ মিনিট। এরপর আমাদের গতি কিছুটা কমেছিল। 

“সাতটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলাম কয়েকজনকে বিশ্রাম দেওয়ার জন্য। কেননা, আমার মনে হয়, আপনি ততটাই শক্তিশালী দল, যতটা আপনার বেঞ্চ শক্তিশালী। মৌমিতা ছিল অসাধরণ, সুরভি রানী আসলেই ভালো করেছে। আজকের ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক এবং শিক্ষণীয় বিষয় আছে আমাদের।”

দুদিন পরই শিরোপা লড়াইয়ে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ; যাদের রাউন্ড রবিন লিগে ২-০ গোলে হারিয়েছিলেন অর্পিতা-আলপিরা। সেই জয়ের পুনরাবৃত্তির লক্ষ্য বাটলারের।

“আমরা তাদের একবার হারিয়েছি, এখন আবারও হারাতে হবে। আমরা সবসময় যেভাবে খেলি, সেভাবেই খেলব। যদি তারা ফাইনালের আগে এই মাঠে আমাদেরকে বা দুই দলকে ব্যবহার করতে দেয়, তাহলে এখানে অনুশীলন করব। আশা করি, তারা সেটা দিবে।”

“কিন্তু আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এখানে আমরা যা পাচ্ছি তার সবকিছুই- অন্য সবকিছুই বোনাস। মেয়েরা দুর্দান্ত ভালো করেছে। আমি সত্যিই, সত্যিই মেয়েদের নিবেদন ও মনোযোগ নিয়ে সন্তুষ্ট এবং আশা করি, আমরা কাজটি শেষ করতে পারব। ভারতের বিপক্ষে খেলা কঠিন হবে, কারণ তাদের কিছু ভালো খেলোয়াড় আছে। তারা শক্তিশালী, লম্বা, শারীরিকভাবে শক্তিশালী এবং এটি কঠিন ম্যাচ হবে।”

বয়সভিত্তিক এই প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে এর আগে দুইবার ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। ২০২১ সালে ১-০ গোলের জয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালে ম্যাচ কমিশনারের সেই আলোচিত ‘টস কাণ্ডের’ পর দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।