বের্নাবেউয়ে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ‘ভাবছেন না’ রেয়াল মাদ্রিদ কোচ
এখানে তিনি থাকবেন কি-না, সেটা তার ওপর নির্ভর করছে না বলে মনে করেন আলভারো আরবেলোয়া।
মৌসুমের মাঝপথে ছন্দ হারানো দলের দায়িত্ব নেন আলভারো আরবেলোয়া। শুরুর চ্যালেঞ্জিং সময় কাটিয়ে রেয়াল মাদ্রিদকে পথে ফেরানোর আভাসও দেন তিনি, যদিও তা টেকসই হয়নি। একের পর এক অপ্রত্যাশিত ফলে দলটির মৌসুম শেষ হতে যাচ্ছে কোনো শিরোপা ছাড়াই। স্বাভাবিকভাবে তাই সান্তিয়াগো বের্নাবেউয়ে আরবেলোয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে এই স্প্যানিশ কোচ স্পষ্ট বাক্যে জানিয়ে দিলেন সেসব নিয়ে একদমই চিন্তিত নন তিনি। তার সব মনোযোগ এখন মৌসুমের বাকি ম্যাচগুলোয়।
শাবি আলোন্সোর কোচিংয়ে চলতি মৌসুমে কখনোই সেভাবে ধারাবাহিক হতে পারেনি রেয়াল। ফলাফল, জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল বার্সেলোনার বিপক্ষে হারের পর, পারস্পরিক সমঝোতায় সরে দাঁড়ান তিনি এবং তার জায়গাতেই ছোট মেয়াদে আসেন আরবেলোয়া।
কোনো ক্লাবের মূল দলের প্রধান কোচ হিসেবে সাবেক এই ডিফেন্ডারের শুরুটাও হয় বাজে; তার অভিষেক ম্যাচেই দ্বিতীয় স্তরের দল আলবাসেতের বিপক্ষে হেরে কোপা দেল রের শেষ ষোলো থেকে বিদায় নেয় রেয়াল।
এরপর অবশ্য অন্য দুই প্রতিযোগিতায় পথে ফেরার আভাস দেয় রেয়াল। কিছু কিছু ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে আরবেলোয়ার দল। কিন্তু সবশেষ আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার পর, সব যেন এলোমেলো হয়ে যায় তাদের। এই মাসে ১২ দিনের মধ্যে লা লিগায় দুই রাউন্ডের একটিতে হেরে ও আরেকটি ড্র করে বসে তারা এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগেই পরাজিত হয় রেয়াল।
লা লিগায় বাকি আছে আর কেবল সাত রাউন্ড, কিন্তু সেখানে তারা শীর্ষ স্থান থেকে পিছিয়ে পড়েছে ৯ পয়েন্টে। ফলে, কার্যত এখানেও তাদের শিরোপা জয়ের তেমন কোনো সম্ভাবনা নেই।
এমন কঠিন পরিস্থিতিতে মঙ্গলবার লিগে আলাভেসের মুখোমুখি হতে যাচ্ছে রেয়াল। আগের দিন সংবাদ সম্মেলনে যেন অবধারিতভাবেই উঠল কোচের ভবিষ্যৎ প্রসঙ্গ। এই বিষয়ে অবশ্য এই মুহূর্তে কথা বলতে তেমন আগ্রহী নন আরবেলোয়া।
“এসব ক্লাবের সিদ্ধান্ত। প্রতি সপ্তাহে ক্লাবের সঙ্গে আমার সরাসরি যোগাযোগ হয় এবং আমাদের মাঝে সম্পর্কটা দারুণ। এই মুহূর্তে আমি ভবিষ্যতের একটা বিষয় নিয়েই চিন্তিত, সেটা হলো- আগামীকালকের ম্যাচ নিয়ে।”
“এই সাতটি ম্যাচ অনেক বেশি গুরুত্বপূর্ণ, যতটা মনে হচ্ছে তার চেয়েও বেশি। আমাদের আগামীকাল নিজেদের প্রমাণ করতে হবে।”
লা লিগায় এখন পর্যন্ত ৩১ ম্যাচে ২২ জয় ও চার ড্রয়ে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রেয়াল মাদ্রিদ। শিরোপা ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলা বার্সেলোনা ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে।
