নরওয়ে ম্যাচে কোচকে পাবে না ফ্রান্স
মায়ের মৃত্যুতে দেশে ফিরে যাচ্ছেন ফরাসিদের কোচ দিদিয়ে দেশোঁ।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে টাচলাইনে দিদিয়ে দেশোঁকে পাবে না ফ্রান্স। মায়ের শেষকৃত্যে যোগ দিতে দেশে ফিরে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী এই কোচ।
আগামী শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ফ্রান্স। বস্টনের ওই ম্যাচে জয়ী দল ‘আই’ গ্রুপের শীর্ষে থেকে পরের ধাপে জায়গা করে নেবে।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ সবার উপরে ফ্রান্স। সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে পিছিয়ে দুইয়ে নরওয়ে।
৫৭ বছর বয়সী দেশোঁর বিশ্বকাপ দল ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি ফুটবল ফেডারেশন।
“নরওয়ে-ফ্রান্স ম্যাচের আগে দলের অনুশীলন সেশনগুলো পরিচালনা করতে পারবেন না দিদিয়ে দেশোঁ। এমনকি শুক্রবারের ‘আই’ গ্রুপের শেষ ম্যাচেও তিনি দলের ডাগআউটে অনুপস্থিত থাকবেন। জাতীয় দলের কোচ আজ সকালে তার মায়ের মৃত্যুর খবর পেয়েছেন এবং শেষকৃত্যে অংশ নিতে তিনি ফ্রান্সে ফিরে যাবেন।”
দেশোঁর অনুপস্থিতিতে ফ্রান্স দলের কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ গি স্টিফোঁ।
২০১২ সাল থেকে ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করছেন দেশোঁ। তার কোচিংয়েই ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ফরাসিরা। ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে রানার্স-আপ হয় তারা।
বিশ্বকাপ জয়ী কোচ তো বটেই, বিশ্বকাপ জয়ী ফুটবলারও দেশোঁ। ১৯৯৮ সালে ঘরের মাঠে ফ্রান্স যখন বিশ্বকাপ জিতেছিল, তখন দলটির অধিনায়ক ছিলেন তিনি। ২০০০ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার আগে ফ্রান্সের হয়ে ১০৩টি ম্যাচ খেলেছিলেন দেশোঁ, যা তখনকার সময়ের রেকর্ড।
