Published : 06 Oct 2024, 04:29 PM
মার্ক-আন্ড্রে টের স্টেগেন চোট পাওয়ায় তড়িঘড়ি করে ভয়চেক স্ট্যান্সনিকে দলে টানলেও, তাকে মাঠে নামানো নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বার্সেলোনা। কাতালান ক্লাবটির কোচ হান্সি ফ্লিক বলেছেন, আন্তর্জাতিক বিরতির পর অবসর ভেঙে ফেরা এই গোলরক্ষকের খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মৌসুমে দারুণ শুরুর মাঝেই বড় এক ধাক্কা খায় বার্সেলোনা। গত ২২ সেপ্টেম্বর, লা লিগায় ভিয়ারেয়ালের বিপক্ষে ৫-১ গোলে জয়ের ম্যাচে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন তাদের প্রথম পছন্দের গোলরক্ষক টের স্টেগেন।
পরে জানা যায়, লিগামেন্ট ছিঁড়ে গেছে জার্মান গোলরক্ষকের। ধারণা করা হচ্ছে, পুরো মৌসুম থেকেই ছিটকে পড়তে পারেন তিনি। সেটা মাথা রেখেই গত সপ্তাহে পোলিশ গোলরক্ষক স্ট্যান্সনির সঙ্গে চলতি মৌসুমের জন্য চুক্তি করে বার্সেলোনা।
নিয়ম অনুযায়ী, ফ্রি এজেন্ট কাউকেই নিতে হতো স্প্যানিশ ক্লাবটির। এই সময়ে এগিয়ে আসেন গত মাসেই পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া স্ট্যান্সনি। তবে আপাতত ইয়ানিক পেনিয়ার ওপরই আস্থা রাখছেন ফ্লিক।
লা লিগায় রোববার আলাভেসের মুখোমুখি হবে ক্লাবটি। আগের দিনের সংবাদ সম্মেলনে নতুন গোলরক্ষক স্ট্যান্সনিকে খেলানো প্রসঙ্গে দলের ভাবনা তুলে ধরেন ফ্লিক।
“স্ট্যান্সনি ভালো অবস্থায় আছে এবং তার অভিজ্ঞতা, মনোভাব ও মান বিবেচনায় আমি মনে করি ক্লাবের জন্য সে-ই সেরা বিকল্প। তাকে পাওয়া খুব ভালো ব্যাপার, সে আমাদের অনেক সাহায্য করবে, কিন্তু আলাভেসের বিপক্ষে সে আমাদের সঙ্গে থাকছে না।”
আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর ঘরোয়া লিগে সেভিয়ার বিপক্ষে খেলবে বার্সেলোনা, আগামী ২০ অক্টোবর। এর তিন দিন পর তারা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে। আর ২৬ অক্টোবর লা লিগায় মৌসুমের প্রথম ক্লাসিকোয় রেয়াল মাদ্রিদের মাঠে নামবে বার্সেলোনা।
গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলোর আগে স্ট্যান্সনিকে অনুশীলনে পরখ করে নিতে চান ফ্লিক। এরপরই আর্সেনাল ও ইউভেন্তুসের সাবেক এই গোলরক্ষককে খেলানো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বললেন তিনি।
“আমি নিশ্চিত, আন্তর্জাতিক বিরতির পর স্ট্যান্সনি আমাদের জন্য প্রস্তুত থাকবে। তার জন্যও বার্সার হয়ে খেলতে পারাটা হবে দারুণ। দেখা যাক, অনুশীলনে সে কেমন করে। আমাদের হাতে অনেক সময় আছে।”
৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এখন সবার ওপরে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে তাদের সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে রেয়াল।