Published : 04 Aug 2026, 08:04 PM
নতুন মৌসুমকে সামনে রেখে দল গোছানোর কাজ জোরেশোরেই চালিয়ে যাচ্ছে আয়াক্স আমস্টারডাম। সেই ধারাবাহিকতায় এবার বার্সেলোনা থেকে জার্মান গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে দলে নিয়েছে ডাচ ক্লাবটি।
৩৪ বছর বয়সী টের স্টেগেনকে এক বছরের ধারের চুক্তিতে দলে টানার কথা মঙ্গলবার জানায় আয়াক্স। বার্সেলোনায় শুরুর একাদশে জায়গা হারানো এই ফুটবলার গত মৌসুমের দ্বিতীয় অর্ধে জিরোনায় ধারে খেলেন।
এর আগে গত সপ্তাহে জার্মানির আরেক ফুটবলার ইউলিয়ান ব্রান্টকে তিন বছরের চুক্তিতে দলে টানে আয়াক্স। এছাড়া উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে নাইজেরিয়ান স্ট্রাইকার টোলু আরোকোডারেকে ধারে দলে যোগ করেছে তারা।
সৌদি আরবের আল হিলাল থেকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস লিওনার্দোকে ২ কোটি ইউরোর একটু কম খরচ করে পাঁচ বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে আয়াক্স।