Published : 08 Sep 2026, 03:59 PM
পেপ গুয়ার্দিওলার উত্তরসূরি হয়ে ম্যানচেস্টার সিটিতে এসে ধীরে ধীরে সবকিছুতে নিজের ছাপ রাখতে শুরু করেছেন এন্টসো মারেস্কা। এবার যেমন সুরের তালে খেলোয়াড়দের অনুশীলন করালেন এই ইতালিয়ান কোচ।
নতুন মৌসুমে পোর্তোর বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু করবে সিটি। পর্তুগিজ ক্লাবটির মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার একটায় (এএম)।
মৌসুম শুরুর ম্যাচে আর্সেনালের বিপক্ষে হেরে কমিউনিটি শিল্ড ট্রফি হারালেও, এরপর ছন্দে ছুটছে মারেস্কার দল। প্রিমিয়ার লিগে প্রথম তিন রাউন্ডেই জিতে টেবিলের শীর্ষে আছে তারা।
এবার চ্যাম্পিয়ন্স লিগেও শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ভালো শুরুর চ্যালেঞ্জ। সেই লক্ষ্যে বিজয়ী হতে দলকে ব্যতিক্রমী উপায়ে প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছেন মারেস্কা, আর এজন্যই এই ‘মিউজিক্যাল ট্রেনিং’ পদ্ধতি।
দলের সোমবারের অনুশীলন গণমাধ্যমকর্মীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তারা সেখানে গিয়ে দেখতে পান, নাইটক্লাবের মতো জোরে গান বাজছে আর সেই তালে অনুশীলন করছেন খেলোয়াড়রা।
পরে তার এই অভিনব সিদ্ধান্ত নিয়ে প্রশ্নে মারেস্কা অল্প কথায় বলেন, “এটা এমন কিছু যা আমি লেস্টার সিটি, চেলসিতে চালু করেছিলাম এবং এখানে (করলাম)।
“আমার মনে হয়, সুরের মাঝে খেলোয়াড়রা আরও খুশি থাকে এবং আরও ভালোভাবে কাজ করতে পারবে।”
কোন গান বাজানো হবে, সেটা কি কোচের সিদ্ধান্ত?
“ওহ, না! খেলোয়াড়দের সিদ্ধান্ত। আমি ঠিক করলে অন্য গান বাজতো।”