ইংলিশ ফুটবল
Published : 26 Dec 2025, 09:52 PM
প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে সবশেষ হোম ম্যাচের স্মৃতি সুখকর নয় আর্সেনালের। অহেতুক এক কাণ্ড ঘটিয়ে লাল কার্ড দেখে দলকে বিপদে ফেলেছিলেন ডেক্লান রাইস। ঘরের মাঠে আবারও ওই দলের মুখোমুখি হওয়ার আগে সেই ঘটনা নিয়ে বিরক্তি প্রকাশ করলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
গত বছর অগাস্টের ওই ম্যাচে ৩৮তম মিনিটে কাই হাভার্টজের গোলে যায় আর্সেনাল। কিন্তু বিরতির আগে ও পরে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রাইস। দ্বিতীয় হলুদ কার্ডটি দেখেন তিনি প্রতিপক্ষের ইয়োয়েল ভেল্টমান ফ্রি কিক নেওয়ার সময় তার পা থেকে বল সরিয়ে দিয়ে!
১০ জনের দলে পরিণত হওয়ার কিছুক্ষণ পরই গোল হজম করে আর্সেনাল এবং ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ ড্র হয়। ওই ঘটনার পরও শিক্ষা হয়নি তাদের; পরের মাসে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে বল স্ট্যান্ডে পাঠিয়ে বহিষ্কার হন লিয়ান্দ্রো ত্রোসার।
বড়দিনের ছুটি কাটিয়ে শনিবার আবার মাঠে ফিরছে আর্সেনাল। ব্রাইটনের বিপক্ষে তাদের ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে। আগের দিন সংবাদ সম্মেলনে ১৬ মাস আগের সেই ম্যাচের ঘটনা নিয়ে হতাশা প্রকাশ করলেন আর্তেতা।
“আমার খুব ভালো মনে আছে। ওই ঘটনায় আমি খুব বিরক্ত হয়েছিলাম, কারণ আমাদের ১০ জন নিয়ে খেলতে হয়েছিল। আশা করি, এবার সবকিছু ভিন্ন হবে।”
“আমার মনে হয়, এখন নিয়ম পাল্টেছে। ওই আইনের জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে এবং আশা করি, (আগের) নিয়মটা ফিরবে না এবং আমরা ১১ জন নিয়ে খেলে যেতে পারব।”
গত মৌসুমে প্রিমিয়ার লিগে ছয়টি লাল্ড কার্ড দেখেন আর্সেনালের খেলোয়াড়রা; অন্য যেকোনো দলের চেয়ে যা অন্তত তিনটি বেশি।
এবার অবশ্য তাদের মধ্যে শৃঙ্খলাবোধ বেড়েছে বলেই ধারণা করা যায়। পরিসংখ্যানেও সেটা পরিষ্কার। লিগ টেবিলে শীর্ষে থাকা দলটি ফেয়ার প্লে লিগেও আছে সবার ওপরে; প্রথম ১৭ রাউন্ডে ২২টি হলুদ কার্ড দেখেছে তারা, নেই কোনো লাল কার্ড।
এই তথ্য জানতে পেরে বেশ খুশি হলেন আর্তেতা, “আমি জানতাম না। এটা ভালো, খুব ভালো।”
১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।
২৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ব্রাইটন।