এশিয়ান কাপ বাছাই
Published : 13 Oct 2025, 08:23 PM
ঘরের মাঠে চাওয়া পূরণ হয়নি বলে হাল ছাড়ছেন না জামাল ভুঁইয়া। প্রতিপক্ষ হংকং চায়নার মাঠেই চাওয়াটা পূরণ করতে উন্মুখ তিনি। প্রত্যয়ী কণ্ঠে বাংলাদেশ অধিনায়ক জানালেন, ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে ৩ পয়েন্ট চান তিনি।
কাই তাক স্টেডিয়ামে মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশের মাঠ থেকে ৩ পয়েন্ট নিয়ে বাছাইয়ে ‘সি’ গ্রুপের টেবিলে শীর্ষে উঠেছে হংকং। ১ পয়েন্ট নিয়ে তলানিতে নেমে গেছে বাংলাদেশ। নিভু নিভু প্রদীপে আশার আলো জ্বালাতে প্রতিপক্ষের মাঠেই দলের জ্বলে ওঠা দেখতে চান জামাল।
“আমাদের কাজ হলো আগামীকাল তিন পয়েন্ট অর্জন করা। আমার মনে হয় না খুব ঠান্ডা থাকবে—হয়তো ২১ বা ২২ ডিগ্রি সেলসিয়াস। এই আবহাওয়া খেলোয়াড়দের জন্য একদম উপযুক্ত। আর হংকং তো তাদের দলের জন্য সেরা সুযোগ-সুবিধা দিতে চাইবে, আমরাও তার সুফল পাব। আমরা সাধারণত অনেক বেশি গরমে খেলি, তবে এই আবহাওয়ায় মানিয়ে নিতে পারব।”
গ্যালারিতে হংকংয়ের সমর্থকেরাও থাকবে বাংলাদেশের প্রতিপক্ষ। দেশটিতে থাকা কিছু বাংলাদেশিও হয়তো থাকবে গ্যালারিতে জামালদের জন্য গলা ফাটাতে। তবে, এ নিয়ে চাপের কিছু দেখছেন না অধিনায়ক। মাঠের লড়াই শুরু হলে গ্যালারির উন্মাদনার প্রভাব পড়ে না বলে দাবি তার।
“সবসময় ভালো লাগে যখন দর্শকরা আমাদের উৎসাহ দেয়। আমি জানি, আগামীকাল টিকিট বিক্রি শেষ হয়ে যাবে, তবে কিছু দর্শক বাংলাদেশ থেকেও থাকবে, আমরা সেটা খুবই প্রশংসা করি।”
“ম্যাচ শুরুর আগে দর্শকদের উপস্থিতি অনুভব করা যায়, কিন্তু খেলা চলাকালীন আপনি সেটা তেমন অনুভব করেন না, কারণ তখন অ্যাড্রেনালিন এত বেশি থাকে যে, আপনি পুরোপুরি খেলায় মনোযোগী থাকবেন। তবে ম্যাচ শেষে চারপাশে তাকালে অনেক মানুষ দেখতে পাবেন। এটা অবশ্যই খুব ভালো লাগে, বিশেষ করে আমাদের মতো খেলোয়াড়দের, যারা এই ম্যাচ খেলবে।”
অবশ্য এ ম্যাচেও জামালের খেলার ব্যাপারে নিশ্চয়তা নেই। বাছাইয়ে গত তিন ম্যাচের মধ্যে হংকংয়ের বিপক্ষে প্রথম লেগেই কেবল তাকে খেলার সুযোগ দিয়েছিলেন কাবরেরা। তাও দ্বিতীয়ার্ধে, বদলি হিসেবে। ফিরতি লেগে শুরুর একাদশে খেলার আশাবাদ দেশে থাকতে বলেছিলেন জামাল। তবে, সোমবারের সংবাদ সম্মেলনে তিনি বল ঠেলে দিলেন কোচের কোর্টে।
“কে খেলবে, কে খেলবে না—এটা কোচদের সিদ্ধান্ত। স্কোয়াডে ২৩ জন খেলোয়াড় আছে, সবাই খেলতে চায়। দিন শেষে সিদ্ধান্ত তাদেরই। অবশ্যই অধিনায়ক হিসেবে দল নিয়ে আমার আলাদা মতামত আছে, তবে সেটা আমি আপনার সঙ্গে ভাগ করবো না—তবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টি।”