Published : 28 Aug 2026, 04:00 PM
যে ক্লাবের হয়ে খেলতে চেয়েছিলেন, সেই বার্সেলোনার জার্সিতে প্রথমবার মাঠে নেমে বেশ ভালো লাগছে রদ্রির। অভিষেকের পর উচ্ছ্বসিত কণ্ঠে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, নতুন ঠিকানায় দ্রুত নিজের সেরা চেহারায় ফিরে দলকে সহায়তা করতে মুখিয়ে আছেন তিনি।
উত্তর আমেরিকা বিশ্বকাপের পর ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেন রদ্রি। তারকা এই মিডফিল্ডারের সঙ্গে কাতালান ক্লাবটির চুক্তি চার বছরের।
গত রোববার এলচের বিপক্ষে ৫-০ ব্যবধানের জয় দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে বার্সেলোনা। ম্যাচ খেলার মতো ছন্দে না থাকায় সেদিন রদ্রিকে স্কোয়াডে রাখেননি কোচ হান্সি ফ্লিক। তবে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কাম্প নউয়ে যে অভিষেক হচ্ছে এই ফুটবলারের, আগের দিনই জানিয়ে দেন তিনি।
ঘরের মাঠে বিলবাওকে ২-০ গোলে হারানোর ম্যাচে রদ্রিকে দ্বিতীয়ার্ধে মাঠে নামান ফ্লিক। ২৭ মিনিট খেলেন গত বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার জেতা রদ্রি।
ম্যাচ শেষে ডিএজেডএন-কে বার্সেলোনার জার্সিতে অভিষেক নিয়ে নিজের অনুভূতি তুলে ধরেন রদ্রি।
“বার্সেলোনার হয়ে আমার প্রথম ম্যাচ খেলতে পেরে ভালো লাগছে। এই জয়েও আমি খুশি, এটা দলের টানা দ্বিতীয় জয়। ছন্দ ফিরে পাওয়াটা জরুরি। প্রথম কয়েক মিনিটে বেশ ভালো অনুভব করেছি।
“এবারের গ্রীষ্মটা অনেক লম্বা ছিল, স্বাভাবিকের চেয়েও বেশি। আমাকে দ্রুত আগের ছন্দে ফিরতে হবে। আমি এখানেই থাকতে চেয়েছিলাম, এবং যা কিছু ঘটেছে তাতে খুশি। এখন কাজে নেমে পড়ার পালা।”
রদ্রির উচ্ছ্বসিত প্রশংসা করেন ফ্লিকও। ম্যাচ শেষে জার্মান এই কোচ বলেন, বার্সেলোনার মতো ক্লাবের জন্য একদম উপযুক্ত একজন ফুটবলার রদ্রি।
“সে আমাদের দলের হয়ে, বার্সেলোনার হয়ে খেলছে বলে সবাই খুশি। আমাদের জন্য সঠিক একজন ফুটবলার। আমাদের দর্শন, আমরা যে ধরনের ফুটবল খেলতে চাই, তার জন্য সে একদম উপযুক্ত।”
নিজেদের পরের ম্যাচও ঘরের মাঠে খেলবে বার্সেলোনা। আগামী সোমবার রায়ো ভাইয়েকানোর মুখোমুখি হবে তারা।