Published : 26 Dec 2025, 05:30 PM
জয়ে আসর শুরুর পর এবার সামনে শক্তিশালী দল মিশর। প্রতিপক্ষ শিবিরে আছে মোহামেদ সালাহ ও ওমার মার্মাউশের মতো তারকা ফরোয়ার্ড। তবে কাউকে নিয়ে আলাদা করে ভাবতে চান না দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুশ।
আফ্রিকান নেশন্স কাপে এবার অ্যাঙ্গোলাকে ২-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে জিম্বাবুয়েকে একই ব্যবধানে হারায় মিশর; ওই ম্যাচে তাদের গোল দুটি করেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড মার্মাউশ ও লিভারপুল তারকা সালাহ।
জয়ের আত্মবিশ্বাস নিয়ে গ্রুপের দ্বিতীয় ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে মিশর ও দক্ষিণ আফ্রিকা।
ব্রুশের কোচিংয়ে ২০১৭ সালে মিশরকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ক্যামেরুন। সেই সাফল্য থেকে নিশ্চিতভাবে বাড়তি প্রেরণা পাবেন তিনি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই বেলজিয়ান কোচের কণ্ঠেও রইল দারুণ আত্মবিশ্বাসের ছোঁয়া।
“আমরা কোনো একজন খেলোয়াড়কে নিয়ে ভাবছি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দল। আমরা সবাই জানি, সালাহ কতটা ভালো, মার্মাউশ কতটা ভালো, ত্রেজেগে এবং অন্য খেলোয়াড়রাও। তারা খুব শক্তিশালী একটি দল। তাহলে কেন আমরা একজন খেলোয়াড়ের ওপর মনোযোগ দেব? পুরো দলকে হারানোর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।”
এই প্রতিযোগিতায় সবশেষ মুখোমুখি লড়াই থেকেও আত্মবিশ্বাস পেতে পারে দক্ষিণ আফ্রিকা; ২০১৯ আসরের শেষ ষোলোয় স্বাগতিক মিশরকে ১–০ গোলে হারিয়েছিল তারা।
এবারও সালাহদের কঠিন পরিস্থিতিতে ফেলে নিজেদের সামর্থ্য মেলে ধরতে চান ব্রুশ।
“মিশরকে কঠিন পরিস্থিতিতে ফেলতে হবে। আর তা ফলপ্রসু করতে নিজেদের সামর্থ্য কাজে লাগাতে হবে।”
এই টুর্নামেন্টে সাফল্যের বিচারে অবশ্য অনেক এগিয়ে মিশর, রেকর্ড সাতবার শিরোপা জিতেছে তারা। আর ১৯৯৬ সালে একমাত্র ট্রফিটি জিতেছিল দক্ষিণ আফ্রিকা।