১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পেলের রেকর্ড ছোঁয়ার হাতছানি ওলিসের, ফ্রান্সের টানা ‘১১’

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছে ফেভারিট ফ্রান্স।

পেলের রেকর্ড ছোঁয়ার হাতছানি ওলিসের, ফ্রান্সের টানা ‘১১’
চলতি বিশ্বকাপে পাঁচটি অ্যাসিস্ট করেছেন মাইকেল ওলিসে (ডানে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2026, 10:02 PM

Updated : 11 Sep 2026, 03:35 PM

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে চমক দেখানো প্যারাগুয়ের সামনে এবার ফ্রান্স। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুটি দল। 

ফেভারিট হিসেবেই শেষ ষোলোর ম্যাচটিতে নামবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ফিলাডেলফিয়ায় ম্যাচটি শুরু হবে ৫ জুলাই ৩টায় (এএম)।

এর আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান:

সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে ষষ্ঠবারের মতো মুখোমুখি হবে ফ্রান্স ও প্যারাগুয়ে। আর বিশ্বকাপে এটি হবে তাদের তৃতীয় সাক্ষাৎ। আগের দুটিতে জিতেছে ফ্রান্স- ১৯৫৮ সালে ৭-৩ গোলে ও ১৯৯৮ সালে ১-০ গোলে।  

প্যারাগুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে অপরাজিত আছে ফ্রান্স (তিন জয়, দুই ড্র)। ২০১৭ সালের জুনে প্রীতি ম্যাচে ফ্রান্সের ৫-০ গোলে জয়ের পর, এই প্রথম দেখা হচ্ছে দল দুটির।

১১

১৯৭৮ সালে গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে হারের পর থেকে, বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার দলগুলোর বিপক্ষে  (টাইব্রেকার ছাড়া) হারেনি ফ্রান্স, অপরাজিত আছে ১১ ম্যাচে (ছয় জয়, পাঁচ ড্র)।

আসরে এখন পর্যন্ত পাঁচ বা এর বেশি গোলে অবদান রেখেছেন ফ্রান্সের তিন জন- কিলিয়ান এমবাপে (আট- ছয় গোল, দুই অ্যাসিস্ট), উসমান দেম্বেলে (ছয়- চার গোল, দুই অ্যাসিস্ট) ও মাইকেল ওলিসে (পাঁচ অ্যাসিস্ট)। 

বিশ্বকাপের ইতিহাসে ২০০২ সালে ব্রাজিলের পর (রোনালদো আট, রিভালদো ছয়, রোনালদিনিয়ো পাঁচ) ফ্রান্স প্রথম দল, যাদের তিন জন খেলোয়াড় এক আসরে এমন কিছু করে দেখালেন। 

বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড ছুঁতে ওলিসের প্রয়োজন আর একটি। ১৯৭০ সালে ছয়টি অ্যাসিস্ট করে রেকর্ডটি গড়েছিলেন পেলে।

চলতি আসরে ফ্রান্স তাদের চার ম্যাচের প্রতিটিতেই তিন বা এর বেশি গোল করেছে। মাত্র দুটি দল এই প্রতিযোগিতার এক আসরে পাঁচ ম্যাচে তিন বা এর বেশি গোল করতে পেরেছে (১৯৫৪ সালে জার্মানি ও ১৯৭০ সালে ব্রাজিল)।

বিশ্বকাপে ফ্রান্স তাদের সবশেষ সাতটি শেষ ষোলোর ম্যাচের প্রতিটিতেই জিতেছে। সবশেষ তারা শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল ১৯৩৪ সালে, অস্ট্রিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হেরে।

শেষ বত্রিশে ১২০ মিনিটে ১-১ সমতার পর পেনাল্টি শুটআউটে জার্মানিকে ৪-৩ গোলে হারিয়ে দেয় প্যারাগুয়ে। এর আগে কেবল একবারই বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ধাপ পার হয়েছিল তারা। ২০১০ সালে শেষ ষোলোয় জাপানের বিপক্ষে টাইব্রেকারে ৫-৩ গোলে জিতেছিল দলটি।

এখন দ্বিতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে নামবে গুস্তাভো আলফারোর দল।

জার্মানির বিপক্ষে হুলিও এন্সিসোর করা গোলটি বিশ্বকাপের নকআউট পর্বে প্যারাগুয়ের প্রথম গোল। এর আগে নকআউট পর্বে পাঁচ ম্যাচে কোনো গোল ছিল না তাদের।