১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনা ম্যাচের আগে গুরুত্বপূর্ণ আরও ২ জনকে নিয়ে শঙ্কায় পিএসজি

চোট পেয়েছেন দলটির মাঝমাঠের ভরসা ভিতিনিয়া ও ফরোয়ার্ড খাভিচা কাভারাৎস্খেলিয়া।

বার্সেলোনা ম্যাচের আগে গুরুত্বপূর্ণ আরও ২ জনকে নিয়ে শঙ্কায় পিএসজি
পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া। ছবি: লিগ আঁ এক্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2025, 06:37 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

পিএসজির চোটাক্রান্ত খেলোয়াড়ের তালিকা কেবল দীর্ঘই হচ্ছে। নতুন করে যোগ হয়েছে ভিতিনিয়া ও খাভিচা কাভারাৎস্খেলিয়ার নাম। বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে এই দুইজনকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা।

অক্সেরের বিপক্ষে শনিবার ২-০ গোলে জেতা লিগ আঁর ম্যাচে পিএসজির শুরুর একাদশে ছিলেন ভিতিনিয়া ও কাভারাৎস্খেলিয়া। কিন্তু চোটের থাবায় দুইজনের কেউই পুরো ম্যাচ খেলতে পারেননি।

৩২তম মিনিটে দলের প্রথম গোলে সরাসরি ভূমিকা রাখার চার মিনিট পরই অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া। প্রথমার্ধের পর আর মাঠে নামেননি জর্জিয়ান লেফট উইঙ্গার কাভারাৎস্খেলিয়া। ধারণা করা হচ্ছে, ঊরুর পেশিতে চোট পেয়েছেন তিনি।

ফরাসি ক্লাবের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগসহ গত মৌসুমে পিএসজির ট্রেবল জয়ে বড় ভূমিকা ছিল ভিতিনিয়া ও কাভারাৎস্খেলিয়ার। ইউরোপ সেরার মুকুট ধরে রাখার অভিযানের প্রথম লড়াইয়ে আতালান্তাকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচেও শুরুর একাদশে ছিলেন তারা।

দ্বিতীয় রাউন্ডে বুধবার বার্সেলোনার মাঠে খেলবে পিএসজি। এই ম্যাচে দলের অধিনায়ক ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োসকে পাবে না তারা। আর আগে থেকেই বাইরে আছেন গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়-এবারের ব্যালন দ’র জয়ী উসমান দেম্বেলে, আরেক ফরোয়ার্ড দিজিরে দুয়ে ও মিডফিল্ডার জোয়াও নেভেস।

এবার ভিতিনিয়া ও কাভারাৎস্খেলিয়ার চোট পিএসজির জন্য এলো বড় ধাক্কা হয়ে। কঠিন পরিস্থিতিতে দলকে ইতিবাচক থাকার পরামর্শ দিলেন কোচ লুইস এনরিকে।

“দুর্ভাগ্যবশত, আমি কিছুই বলতে পারছি না। তাদের কী ধরণের চোট, সেটা আগামীকাল কিংবা পরশু মেডিকেল টিম আমাদেরকে জানানো পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

“আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ এই পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের তৈরি থাকতে হবে। পিএসজি একমাত্র দল নয়, যাদের চোট সমস্যা আছে। এমন ঠাসা সূচিতে এটা সব দলেরই সমস্যা।”

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ভালো শুরু করেছে পিএসজি। ৬ ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে তারা।